পুবের কলম ওয়েব ডেস্ক:গত অগস্ট মাসের ভয়াবহ হড়পা বানের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি নেপাল। বিপর্যস্ত দেশকে নতুন করে গড়ে তুলতে এবার ভারতের সহযোগিতা চাইছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেই লক্ষ্যেই রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এসেছেন তিনি। ‘চিনপন্থী’ হিসেবে পরিচিত বলেন্দ্রর প্রথম বিদেশ সফরে বেজিংকে এড়িয়ে দিল্লিকে বেছে নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।


সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা বলেন্দ্রর। সূত্রের খবর, বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে, যেখানে ১০ দফা পরিকল্পনার কথা উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলবায়ু সঙ্কট, ‘অগ্নিবীর’ কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগ, বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি এবং জলসম্পদের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলারের প্রয়োজন। সেই তহবিল জোগাড়ে ভারতের কাছে অনুদান ও স্বল্প সুদে ঋণ মিলিয়ে প্রায় ২০০ কোটি ডলারের সাহায্য চেয়েছে কাঠমান্ডু।
উল্লেখ্য, বিপর্যয়ের পরপরই নেপালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মোদি এবং ভারতীয় বায়ুসেনার বিমানে দ্রুত ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠিয়েছিল দিল্লি।
তবে চিন চাইলেও বলেন্দ্র প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন, কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে কাঠমান্ডু পুরোপুরি বেজিংকে এড়িয়ে চলছে না। বরং দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে নেপালের নতুন সরকার। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরে আসার ঠিক আগেই গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের জন্য নিজের দলের ২০ জন সাংসদকে চিন সফরে পাঠিয়েছিলেন বলেন্দ্র। পাশাপাশি, গত ২০ নভেম্বর নেপালের মন্ত্রিসভা যেদিন প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুমোদন দেয়, সেদিনই বেজিংয়ের দেওয়া ২০ লক্ষ ডলারের অনুদানও গ্রহণ করে কাঠমান্ডু।

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর ধরে নেপালকে ঋণের ফাঁদে ফেলার চেষ্টা চালিয়েছিল চিন। তা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বেজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওলি সরকারের পতনের পর জেন জি-দের পছন্দের বলেন্দ্র ক্ষমতায় এলে চিন আশা করেছিল, নতুন নেতাও তাদের দিকেই ঝুঁকবেন। কিন্তু বাস্তবে ভারসাম্যের কূটনীতিকেই গুরুত্ব দিচ্ছেন বলেন্দ্র। বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যেখানে চিন থেকে আসে মাত্র ১৩ শতাংশ। ফলে অর্থনৈতিক কারণেই দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাঠমান্ডু বাধ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।