পুবের কলম, মুম্বই: প্রস্তাবিত ডিলিমিটেশন বিলে সমর্থন জোগাড় করতে সাংসদপিছু ১৫০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিয়ে দল ভাঙানোর চেষ্টা চলছে—রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত। এক সাংবাদিক বৈঠকে শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, বিলটি পাস করানোর জন্য সরকারের প্রায় ৪০ থেকে ৪৫ জন সাংসদের ঘাটতি রয়েছে, আর সেই ঘাটতি পূরণ করতেই ছোট দলগুলির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। জনপ্রতিনিধিদের কেনার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
সংসদের শীতকালীন অধিবেশন ডাকার ক্ষেত্রে টালবাহানা করছে কেন্দ্র বলেও অভিযোগ করেছেন শিবসেনা নেতা।
সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে একহাত নিয়ে রাউত বলেন, "সরকার একগুঁয়ে এবং উদ্ধত হয়ে উঠেছে; সংসদের শীতকালীন অধিবেশন ডাকা হচ্ছে না। দেশ, সংবিধান বা সংসদ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। প্রয়োজনীয় সাংসদ সংখ্যার চেয়ে তারা প্রায় ৪০ থেকে ৪৫ জন পিছিয়ে রয়েছে, তাই ছোট দলগুলিকে কিনে নেওয়া বা তাদের ওপর চাপ সৃষ্টি করার ফন্দি আঁটছে।"আরও পড়ুন:
দলের একাংশ ভেঙে না এলে পৃথকভাবে জনপ্রতিনিধিদের কেনার কৌশল নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রাউত।
তাঁর কথায়, "সম্পূর্ণ দল ভেঙে না এলে তারা আলাদাভাবে সাংসদদের কিনে নেবে। ‘বিজেপি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে’ এখন সাংসদপিছু দর চলছে ১৫০ কোটি টাকা। ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে আপনারা দল ভাঙুন, আপনাদের অযোগ্য ঘোষণা করা হবে না। মহারাষ্ট্রের এক প্রভাবশালী মন্ত্রী প্রয়োজনীয় সমস্ত অর্থ জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই দায়িত্ব নিয়েছেন।"আরও পড়ুন:
শাসক জোট এনডিএ-র যুক্তি, নতুন জনগণনার পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং নারী সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার স্বার্থে ডিলিমিটেশন একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা। অন্যদিকে, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের দাবি, ডিলিমিটেশনের অপেক্ষায় না থেকে বর্তমান ৫৪৩ সদস্যের লোকসভাতেই অবিলম্বে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর করা হোক।