পুবের কলম ওয়েব ডেস্ক: সামনেই পুরভোট। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বাংলায় বিজেপিকে রোখা যে কঠিন, তা স্পষ্ট হয়ে যাওয়ায় বিরোধী জোট নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। সূত্রের খবর, বাম, কংগ্রেস এবং তৃণমূলের অন্দরে এ নিয়ে আলোচনাও চলছে। এই আবহেই রবিবার কলকাতায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন আয়োজিত এক সভায় জোট প্রসঙ্গে মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, রাজ্যস্তরে জোটের সিদ্ধান্ত নেবেন সেখানকার নেতারাই।


এদিন জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেরল এবং ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তোলেন এম এ বেবি। তিনি জানান, কেরলে কংগ্রেস, বাম ও মুসলিম লিগ একসঙ্গে লড়েছে এবং ইন্ডিয়া জোটেও সব বিরোধী শক্তি একসঙ্গে রয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যস্তরে কোথায় কী জোট হবে, তা নির্ভর করে সেখানকার পরিস্থিতির ওপর এবং সেই সিদ্ধান্ত রাজ্যস্তরের নেতৃত্বই নেবেন। সিপিএমের সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর এটা স্পষ্ট যে, বাংলায় বামেরা কার হাত ধরবে কিংবা আদৌ কোনও জোট হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত আলিমুদ্দিনের হাতেই থাকছে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বাংলার রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল ঘটেছে।
১৫ বছর ক্ষমতায় থাকার পর বর্তমানে অস্তিত্বের সংকটে পড়া তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চাইছে। অন্যদিকে, দিন কয়েক আগে কংগ্রেসের একটি বৈঠকে দলের নেতারাই স্বীকার করে নিয়েছেন যে, হাওড়া ও কলকাতায় তাঁদের তুলনায় বামেদের জমি অনেক বেশি পোক্ত। ফলে পুরভোটের আগে একদিকে তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং অন্যদিকে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জল্পনা চলছে। এমনকি বিজেপিকে প্রতিহত করতে বাম, তৃণমূল ও কংগ্রেস—তিন শক্তির একত্রিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১৬ সালে তৃণমূলকে পরাস্ত করতে বাম ও কংগ্রেস হাত মিলিয়েছিল। দশ বছরের ব্যবধানে সেই বাংলাতেই এবার বাম-তৃণমূল জোটের সম্ভাবনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।