পুবের কলম ওয়েব ডেস্ক: রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েতে নির্বাচনে পরাজয়ের মাত্র তিন ঘণ্টার মধ্যেই গ্রামের রাস্তায় লাগানো ৫০টি আলো খুলে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পিপলু পঞ্চায়েত সমিতির ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন প্রিয়াঙ্কা শর্মা। গত শুক্রবার ফলপ্রকাশের পর দেখা যায়, ৭৫১ ভোটে হেরে গিয়েছেন তিনি। আর তার পরপরই গ্রামের সমস্ত আলো খুলে ফেলায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, প্রিয়াঙ্কা শর্মা নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহায়ক অলোক শর্মার স্ত্রী।
গ্রামবাসীদের অভিযোগ, ভোটে হেরে যাওয়ার রাগ থেকেই ওই বিজেপি নেত্রীর নির্দেশে সমস্ত আলো খুলে নিয়ে গিয়েছে বিদ্যুৎ দপ্তর। তবে বিতর্ক বাড়তেই এ বিষয়ে সাফাই দিয়েছে দপ্তর। বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার গোবর্ধন চৌধুরী জানান, কারও নির্দেশে নয়, আলোগুলি কোনও অনুমোদন ছাড়াই বেআইনিভাবে লাগানো হয়েছিল এবং বিষয়টি নজরে আসতেই তা খুলে ফেলা হয়েছে।
যদিও বিদ্যুৎ দপ্তরের এই যুক্তি মানতে নারাজ এলাকাবাসী। তাঁদের পালটা প্রশ্ন, আলো লাগানোর সময় দপ্তর কোথায় ছিল এবং ভোটের ফলপ্রকাশের পরই কেন মনে পড়ল যে সেগুলি বেআইনি? গ্রামে আলো আসায় খুশি হলেও এখন আবার সব অন্ধকার হয়ে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। ভোট না দিলে কি উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে, সেই প্রশ্নও তুলেছেন গ্রামবাসীরা। উল্লেখ্য, এবারের রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে ৭,৫২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস পেয়েছে ৩,৭৫৮টি এবং বিজেপির দখলে গিয়েছে ২,২১৩টি।