উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : কিশোরীর মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন সেই মামলার অভিযুক্ত বাবা। আর তার কয়েক দিনের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল ওই কিশোরীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।মৃত কিশোরীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সন্ধ্যায় বাড়ির ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ।দেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,২০২৩ সালের অক্টোবর মাসে খুন হয়েছিলেন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় মালার স্বামী সমীর শিকারিকে গ্রেফতার করে পুলিশ। মায়ের মৃত্যুর ঘটনায় বাবার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল সায়নী।আদালতের নির্দেশে দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন সমীর।
সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।মায়ের মৃত্যুর পর থেকেই মামার বাড়িতে থাকছিল সায়নী। পরিবারের অভিযোগ, জেল থেকে মুক্তি পাওয়ার পর সমীর মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। বিষয়টি মামাবাড়ির লোকজন পুলিশকে ও জানিয়েছিলেন। পরিবারের দাবি, সেই সময় পুলিশের পক্ষ থেকে সায়নীর মোবাইলের সিম কার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী নম্বরও বদলে ফেলা হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ,নতুন নম্বরও কোনওভাবে জেনে ফেলেছিলেন সমীর।
শনিবার বাড়িতে একাই ছিল সায়নী। সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরে এসে তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।এরপর খবর দেওয়া হয় পুলিশে।ইতিমধ্যেই সায়নীর মোবাইল ফোনের কল রেকর্ড, মেসেজ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছে পুলিশ। বাবার সঙ্গে মেয়ের কোনও যোগাযোগ হয়েছিল কি না, কিংবা ঘটনার দিন সমীর ওই বাড়িতে গিয়েছিলেন কি না, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে, সায়নীর মামাবাড়ির পরিবারের সদস্যদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীর শিকারির ভূমিকা থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায় নি।ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। মায়ের খুনের মামলার অন্যতম সাক্ষী কিশোরীর এমন রহস্যজনক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।