পুবের কলম ওয়েব ডেস্ক:  রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর উত্তরপ্রদেশ , অসমের মতো  বাংলাদেশীদের বাড়ি হিসেবে চিহ্নিত পাঁচটি বাড়ি রবিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল হিলি থানার পুলিশ ও প্রশাসন । গত ১৩ নভেম্বর  হিলি থানার ত্রিমোহনী এলাকায় একটি ক্লাবের কালীপুজোর বিসর্জন কে কেন্দ্র করে যে ঝামেলা হয় সেই ঘটনায় পরের দিন পাঁচজন ' বাংলাদেশিকে ' আটক করে পুলিশ । আটক ' পাঁচজন বাংলাদেশীদের বাড়ি ' এদিন দুপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । প্রশাসনের তদন্তে উঠে আসে যে , আটক পাঁচজন মুসলিম বাংলাদেশী নাগরিক ভারতে অনুপ্রবেশ করে ত্রিমোহনী এলাকায় সরকারি জায়গা দখল করে বসবাস করছিল । এরপরে ওই ৫ আটক মুসলিম  বাংলাদেশিকে দক্ষিণ দিনাজপুরের হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়।

এরপর রবিবার দুপুরে পূর্ত দপ্তর , ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সরকারি ওই জায়গা দখলমুক্ত করে পুলিশ । মূলত টিনের পাঁচটি বাড়ি বুলডোজার চালিয়ে পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং সরকারি জায়গা দখলমুক্ত করে হিলি থানার পুলিশ । এদিনের উচ্ছেদ অভিযান কালে আইনশৃঙ্খলা ও যেকোন রকমের প্রতিরোধ মোকাবিলা করার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ত্রিমোহিনীর এই এলাকায় । ঘন্টা খানিকের চেষ্টায় পাঁচটি বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করার পর স্বস্তি প্রকাশ করে পুলিশ ও প্রশাসনের লোকজন । স্থানীয় মানুষজনের ধারণা , বাংলাদেশি হিসাবে হোল্ডিং সেন্টারে আটক পাঁচ ব্যক্তিকে নিয়ম মেনে প্রতিবেশী দেশে পাঠানো হবে ।।