পুবের কলম, ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে বিশ্ব নবী হজরত মহম্মদের (সা:) বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের একটি আদালত। দোষী সাব্যস্ত হওয়া ওই যুবকের নাম মহম্মদ ইবতিসাম মুস্তাফা। তিনি পাকিস্তানের চকওয়াল জেলার তালাগাং-এর বাসিন্দা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলা দায়ের হওয়ার দীর্ঘ আট বছর পর শুক্রবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত এই রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ বছরের কারাদণ্ড এবং ১২ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।


 
আদালতের এক আধিকারিক জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মুস্তাফার বিরুদ্ধে আল্লাহ, হজরত মহম্মদ এবং পবিত্র কোরআনের অবমাননার অভিযোগ প্রমাণ করতে বিভিন্ন তথ্যপ্রমাণ ও সাক্ষী পেশ করেন। সেই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই বিচারক সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আমজাদ আলি শাহ পর্যবেক্ষণে জানান, অভিযুক্তের বিরুদ্ধে যে ধরনের তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তাতে মুস্তাফা কোনো ধরনের নমনীয়তা বা ক্ষমা পাওয়ার যোগ্য নন।
 
পাকিস্তানে ধর্ম অবমাননা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। তবে মানবাধিকার সংগঠন এবং আইনি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, পাকিস্তানের নিম্ন আদালতগুলিতে প্রায়ই দুর্বল তথ্যপ্রমাণের ভিত্তিতে কিংবা ব্যক্তিগত বা সম্পত্তিগত বিবাদের জেরে দায়ের হওয়া ধর্ম অবমাননার মামলায় কঠোর সাজা ঘোষণা করা হয়। পরবর্তীকালে উচ্চ আদালতে আপিল করা হলে এই ধরনের বহু সাজাই খারিজ হয়ে যায়।