পুবের কলম ওয়েবডেস্ক ঃ
মধ্যপ্রদেশের উজ্জয়নে ২০২৮ সালের সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতিকে কেন্দ্র করে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। শনিবার, ২১ নভেম্বর ভোরে মাধবনগর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল একটি মসজিদ, ঐতিহাসিক শাহী মকবরা এবং এক ডজনেরও বেশি মাজার। একই সঙ্গে মসজিদের তত্ত্বাবধায়কের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
প্রাপ্ত খবর অনুযায়ী, ভোরের দিকে ছয়টি জেসিবি মেশিন নিয়ে এই অভিযান শুরু হয়।

প্রায় ১৫ হাজার বর্গফুট জমি দখলমুক্ত করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষের দাবি। রেলের বক্তব্য, সংশ্লিষ্ট নির্মাণগুলি রেলের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল এবং সেগুলি সরানোর পক্ষে হাইকোর্টের নির্দেশ রয়েছে। সিংহস্থ ২০২৮-এ বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে ওই জমিতে হোল্ডিং ও ওয়েটিং এরিয়া তৈরি করা হবে।
তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে ওয়াকফ কমিটি।
কমিটির সভাপতি কাজি মৌলানা আরিফ নদভির অভিযোগ, মসজিদ কালান্দারি, শাহী মকবরা, ১২টিরও বেশি মাজার এবং মসজিদের মোতাওয়াল্লির বাড়ি অন্যায়ভাবে ভেঙে ফেলা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমি নিয়ে ভোপালের ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা এখনও বিচারাধীন। তা সত্ত্বেও কীভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হতে পারে।
উল্লেখ্য, ২০২৮ সালের সিংহস্থ কুম্ভমেলাকে সামনে রেখে উজ্জয়নে রাস্তা সম্প্রসারণ, রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী পরিষেবা বৃদ্ধির কাজ চলছে। তবে উন্নয়নের নামে ধর্মীয় স্থাপনা উচ্ছেদের বৈধতা এবং জমির মালিকানা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।