পুবের কলম ওয়েব ডেস্কঃ
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আইজেএ) নদিয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা। রবিবার কল্যাণীর হোটেল প্যালেসে অনুষ্ঠিত এই সভায় আগামী এক বছরের জন্য ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম এবং সম্পাদক হয়েছেন অভিষেক আচার্য। অন্যান্য সদস্যরা হলেন মেঘ ছায়া সরকার, মৃন্ময়ী লাহিড়ী, সোমা পাল, পিন্টু অধিকারী, সুখেন্দু আচার্য, শোভন লোধ, গোপা কর্মকার, রূপম রায় ও পাপড়ি দাস।

কমিটির কার্যকালের মেয়াদ এক বছর। বিদায়ী সম্পাদক  সুখেন্দু  আচার্য সম্পাদকীয়  প্রতিবেদন  পেশ করেন I       
নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতা। সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। ব্যক্তিগত পরিচয় বা মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
"
নব নির্বাচিত  সম্পাদক অভিষেক আচার্য বলেন, "সাংবাদিকদের কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সেই সমস্যাগুলি চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে ধরা এবং সমাধানের জন্য সংগঠিতভাবে উদ্যোগ নেওয়াই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞ সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।"
সভায় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান এবং বাৎসরিক বনভোজনের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
নতুন কমিটির কাছে সাংবাদিক মহলের প্রত্যাশা, আগামী এক বছরে সংগঠনটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি পেশাগত ঐক্য এবং সুস্থ সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।