দক্ষিণ সুদানে নতুন করে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটল। বিরোধী বাহিনীর হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন মহিলা রয়েছেন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির বোল বোল বোমা এলাকায় এই হামলা চালানো হয়। সোমবার সংবাদ সংস্থা এএফপির বরাতে এই খবর জানিয়েছে ‘আরব নিউজ’।
আরও পড়ুন:
টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ এএফপিকে জানিয়েছেন, হামলাকারীরা প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে এসেছিল।
তাঁর অভিযোগ, তারা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত সশস্ত্র সংগঠন এসপিএলএ-আইওর সদস্য। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাস থেকে রিক মাচার গৃহবন্দি রয়েছেন।আরও পড়ুন:
প্রাথমিকভাবে এই হামলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। নিহতদের মধ্যে পশুপালক, মহিলা ও শিশুরাও রয়েছেন। এর আগে কমিশনার জানিয়েছিলেন, এসপিএলএ-আইওর পোশাক পরিহিত চারজন সশস্ত্র হামলাকারীরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি দল পাঠানোর প্রস্তুতি চলছে।আরও পড়ুন:
ওয়ারাপ রাজ্যে সাম্প্রতিক সময়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে রাজ্যের দুটি জেলার দুই গোষ্ঠীর মধ্যে মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন। এর আগে গত মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্ত এলাকায় আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
দক্ষিণ সুদানের এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীগত সংঘর্ষ, প্রতিশোধমূলক হত্যা, গবাদি পশু লুট এবং জমি দখলকে কেন্দ্র করে হিংসা চলছে। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় স্তরের এই সংঘর্ষের পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে রেখেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। বিশ্বের নবীনতম এই রাষ্ট্র স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সংঘাত ও জাতিগত হিংসার সমস্যায় জর্জরিত। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সালভা কির এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে গৃহযুদ্ধে চার লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
সাম্প্রতিক মাসগুলিতে দুই নেতার অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ বেড়েছে। এর জেরে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন করে এই হামলার ঘটনা দক্ষিণ সুদানে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে।