অবসরের পরও প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা রেখে সুদ পাওয়ার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় অছি পরিষদ। শুধু তাই নয়, কর্মীরা চাইলে বেতন থেকে নিয়মিত জমা হওয়া অর্থের বাইরেও নিজেদের পিএফ অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা করতে পারবেন। এমনই একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অছি পরিষদ। প্রস্তাবগুলি শ্রমমন্ত্রক ও অর্থমন্ত্রকের অনুমোদন পেলে পিএফ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে।

বর্তমানে কর্মীর বেতন থেকে নির্দিষ্ট হারে টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়। একই সঙ্গে নিয়োগকারী সংস্থাও নির্ধারিত অংশ জমা দেয়। কিন্তু নতুন প্রস্তাব কার্যকর হলে কর্মীরা এই নির্দিষ্ট জমার বাইরেও নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত অর্থ পিএফ অ্যাকাউন্টে রাখতে পারবেন।

সেই জমার ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার কোনও ভূমিকা থাকবে না। সংস্থা আগের নিয়মেই তার নির্ধারিত অর্থ জমা করবে, আর কর্মী চাইলে আলাদাভাবে অতিরিক্ত টাকা জমাতে পারবেন।

অছি পরিষদের প্রস্তাবে অবসরের পর পিএফ অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়ার সময়সীমা বাড়ানোর কথাও রয়েছে। বর্তমানে নির্দিষ্ট সময়ের পর অ্যাকাউন্টে রাখা টাকার উপর সুদ পাওয়ার সুযোগ থাকে না। নতুন ব্যবস্থা চালু হলে অবসরের পর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত পিএফে টাকা রেখে সুদ পাওয়ার সুযোগ মিলতে পারে। সেই অর্থ একবারে না তুলে কিস্তিতে বা নির্দিষ্ট সময় অন্তর তোলার ব্যবস্থাও থাকবে। ফলে পেনশনের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়মিত আয়ের আরও একটি পথ তৈরি হতে পারে।

এই সুবিধা অবশ্য বাধ্যতামূলক হবে না। যাঁরা চাইবেন, তাঁরাই অতিরিক্ত টাকা জমা রাখা বা অবসরের পর দীর্ঘ সময় পিএফে অর্থ রেখে দেওয়ার সুযোগ নিতে পারবেন। পিএফ সদস্যের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি বা নির্ভরশীলরা অবশিষ্ট অর্থ এককালীন অথবা কিস্তিতে তুলতে পারবেন বলেও প্রস্তাবে উল্লেখ রয়েছে।

কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য আর করুমালাইয়ান বৈঠক শেষে জানিয়েছেন, অবসরের পর ২০ বছর পর্যন্ত এই সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও কত দিন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে, সে বিষয়ে সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

পিএফের তহবিল বাড়ানোর জন্য আরও একটি প্রস্তাব নিয়েছে অছি পরিষদ। পরিষদের সদস্য তথা টিইউসিসির সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তেওয়ারি জানিয়েছেন, কোনও কর্মী রেস্তরাঁয় কাজ করলে গ্রাহকদের কাছ থেকে পাওয়া টিপস বা নগদ বখশিসের টাকাও পিএফ অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

তাঁর বক্তব্য, কর্মজীবনে এভাবে বড় অঙ্কের সঞ্চয় গড়ে তুলতে পারলে অবসরের পর সেই অর্থ কিস্তিতে তুলে নিয়মিত আয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।

শুধু প্রচলিত চাকরির ক্ষেত্রেই নয়, গিগ ওয়ার্কার-সহ যাঁদের বর্তমানে পিএফ অ্যাকাউন্ট নেই, তাঁরাও যাতে স্বেচ্ছায় অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারেন, সেই সুযোগ তৈরির পরিকল্পনা করছে ইপিএফও। এর ফলে অসংগঠিত ও নতুন ধরনের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু মানুষও সামাজিক সুরক্ষার আওতায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে এই প্রস্তাব ঘিরে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্নও উঠেছে। পিএফ অ্যাকাউন্টে ইচ্ছেমতো টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হলে কালো টাকা সাদা করার পথ খুলে যেতে পারে কি না, তা নিয়ে অছি পরিষদের বৈঠকেও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, কোনও ব্যক্তির আয় ও পিএফে জমা করা অর্থের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা আয়কর দপ্তরের নজরদারিতে থাকবে। এ বিষয়ে আয়কর আইনে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সব মিলিয়ে, অছি পরিষদের প্রস্তাবগুলি কার্যকর হলে পিএফ শুধু কর্মজীবনের সঞ্চয় হিসেবেই নয়, অবসরের পর দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার মাধ্যম হিসেবেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রস্তাবগুলির চূড়ান্ত রূপ কী হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর।