পুবের কলম ওয়েব ডেস্ক: এখনও পুরোপুরি বিপন্মুক্ত না হলেও, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় আপাতত স্থিতিশীল রয়েছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। সোমবার সকালে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আপাতত তাঁকে ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার ফলে বিধায়কের মুখে অতিরিক্ত লালারস জমছিল। তিনি অসচেতন অবস্থায় থাকায় সেই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছিল বলে সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে।


চিকিৎসকরা জানিয়েছেন, রেখার শরীরের রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।
কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।
বিধায়কের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়া থেকেই রেখা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁর পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছিল। অন্যদিকে, বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালের রেফারেল কার্ডের উল্লেখ করে পরিজনদের দাবি, রোগীর পেটে বিষাক্ত কীটনাশক পাওয়া গিয়েছে। উল্লেখ্য, বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে পারিবারিক জমি বিবাদ এবং এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ ঘিরে খবরের শিরোনামে এসেছিলেন রেখা, যদিও পরে তিনি সে জন্য ক্ষমা চেয়ে নেন। সেই ঝামেলার পর থেকে সংবাদমাধ্যমের সামনে তাঁকে খুব একটা দেখা যায়নি। দিন পাঁচেক আগে একটি বৈঠকে উপস্থিত থাকার পরই শনিবার রাতে তাঁর গুরুতর অসুস্থতার খবর সামনে এল।