পুবের কলম ওয়েবডেস্ক, ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব কাটেনি পশ্চিমবঙ্গে। সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। ফিরতে পারে হেমন্তের পরিচিত শীতল আমেজ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

শনিবারও শহরের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির জেরে কলকাতার বায়ুদূষণ অনেকটাই কমেছে। কালীপুজোর পর বায়ুর গুণমান সূচক যেখানে ২৭৯-এ পৌঁছেছিল, শুক্রবারের বৃষ্টির পর তা নেমে দাঁড়ায় ৩৯-এ।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।

সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।