পুবের কলম ওয়েবডেস্ক, সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালীন প্রাণ গেল দুই জওয়ানের। শনিবার দুপুরে হরিয়ানার হিসারের ভোজরাজ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম মণীশ কুমার ও অঙ্কুশ কুমার। দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩টে নাগাদ ৩২টি ট্যাঙ্ক নিয়ে মহড়া শুরু হয়।

একটি ট্যাঙ্কে ছিলেন মণীশ ও অঙ্কুশ। একসঙ্গে এতগুলি ট্যাঙ্ক চলায় চারপাশ ধুলোয় ঢেকে যায়। সেই সময় কোনওভাবে ট্যাঙ্ক থেকে নিচে পড়ে যান দুই জওয়ান। ধুলোর কারণে চালক তাঁদের পড়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেননি। ফলে ট্যাঙ্কের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দু’জন।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। রবিবার দেহের ময়নাতদন্ত হয়।

মণীশের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে, অঙ্কুশের বদায়ুঁতে। শনিবারই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অঙ্কুশ। রবিবার ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর।

উল্লেখ্য, ২০২৪ সালে রাজস্থানের বিকানেরে ট্যাঙ্কে গোলা ভরার সময় বিস্ফোরণে দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। একই বছর নাসিকের দেওলালি প্রশিক্ষণক্ষেত্রে গোলা ফেটে দুই অগ্নিবীর গোহিল বিশ্বরাজ সিং ও সৈকত শিটের মৃত্যু হয়।