পুবের কলম, নয়াদিল্লি: ২০১৮ সালের একটি পুরনো মানহানি মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। হিন্দুত্ববাদী অনলাইন অ্যাক্টিভিস্ট বিকাশ সাংকৃত্যায়নের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার সাকেত আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আনাম রইস খান এই নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

অভিযোগকারী বিকাশ সাংকৃত্যায়ন সামাজিক মাধ্যমে ডানপন্থী কর্মী হিসেবে পরিচিত এবং তিনি ‘আই সাপোর্ট নমো’ নামক একটি অনলাইন গ্রুপ পরিচালনা করেন।

তাঁর অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ ও প্রচার করেছিলেন। ওই ভিডিওতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা এবং মানহানিকর অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করেন বিকাশ।

বিতর্কিত সেই ভিডিওটি প্রকাশের পর তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন। এর জেরে বিকাশ সাংকৃত্যায়ন ধ্রুব রাঠি এবং অরবিন্দ কেজরিওয়াল—উভয়ের বিরুদ্ধেই মানহানির আইনি প্রক্রিয়া শুরু করেছিলেন।