পুবের কলম ওয়েব ডেস্ক: ডিসেম্বর মাস যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই স্থলপথে সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিপুরা অথবা বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। রবিবার আওয়ামি লিগের চার নেতা পেট্রাপোল সীমান্তে গিয়ে তাঁর ফেরার সম্ভাব্য রুট খতিয়ে দেখেন বলে সূত্রের খবর। এর পরই সীমান্তে নজরদারি বাড়াতে তৎপর হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীর শীর্ষ আধিকারিকদের বক্তব্য, ‘অবৈধ ও বিতর্কিত’ কেউ যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সেই লক্ষ্যেই এই বাড়তি সতর্কতা।
পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রবিবার ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন বিজিবি প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলেন। অনুপ্রবেশ রুখতে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার বার্তা দেন তিনি। পরে স্থানীয় সংবাদমাধ্যমকে বিজিবি প্রধান জানান, ডিসেম্বরে কোনও বিতর্কিত বা অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সেজন্যই সীমান্ত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও ‘বিতর্কিত’ বা ‘অবৈধ’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, রবিবারও রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে বাইকে করে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী পুলিশ লাইনসের সামনে পরপর বোমা ছোড়ে।
পাশাপাশি চট্টগ্রামের বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। গোটা ট্রেনে কেরোসিন মাখানো থাকায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে রেল ও দমকল আধিকারিকদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ ও প্রশাসন। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই অশান্ত বাংলাদেশ। বিক্ষোভ সামলাতে ঢাকা-সহ দেশের নানা প্রান্তে বিজিবি ও বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। তার ওপর ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।