পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আর এক পয়সাও খরচ করতে হবে না চাকরিপ্রার্থীদের। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি চাকরির আবেদন ফি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, সাধারণ (জেনারেল) প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনের আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয় এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ টাকা লাগে।

কিন্তু এবার থেকে বেকার যুবক-যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না, সেই খরচ বহন করবে রাজ্য সরকার। পাশাপাশি, এদিনের মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য-সহ রাজ্যের নানা দপ্তরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর মধ্যে কিছু চুক্তিভিত্তিক নিয়োগও থাকবে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য মোট ১ লক্ষ নিয়োগ করা। আগামী ডিসেম্বরে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
এছাড়া ২৬ হাজার জনের চাকরি হারানোর পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী জানুয়ারির মধ্যেই দফায় দফায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি নেতারা বারবার বলেছিলেন যে, বাংলায় ক্ষমতায় এলে ফের নিয়োগ শুরু হবে এবং বেকারত্ব ঘুচবে। দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করেছে বিজেপি সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর ঘোষণা করেছিলেন। তৃণমূল সরকারের জমানায় নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগই পাননি—এই কারণ দেখিয়ে গ্রুপ এ-এর ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর, গ্রুপ বি-এর ক্ষেত্রে ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি-এর ক্ষেত্রে ৪৫ বছর করা হয়েছে। বয়সসীমা বৃদ্ধির পর এবার আবেদন ফি মকুবের সিদ্ধান্তে বাড়তি স্বস্তি পেলেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।