পুবের কলম ওয়েব ডেস্ক: মোথাবাড়ি কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তলবে সাড়া দিয়ে সোমবার কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামী মেহবুব আলম। এদিন বেলা ১১টা থেকে ২টোর মধ্যে তাঁদের হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতোই ১১টার পর এনআইএ দপ্তরে পৌঁছন এই দম্পতি। তবে দপ্তরে ঢোকার আগে কেন্দ্রীয় সংস্থার এই তলবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেন সাবিনা। পাশাপাশি তিনি দাবি করেন, ঘটনার দিন তাঁর স্বামী সেখানে উপস্থিত ছিলেন না।


প্রসঙ্গত, রাজ্যে এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে—এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চলে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।
মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে দুটি মামলায় মোট ২৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট পেশ করেছে এনআইএ—একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে ৫৪ পাতার এবং অন্যটিতে ১ জনের বিরুদ্ধে ১১ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা ও সরকারি কাজে বাধা দানের মতো একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
মোথাবাড়ির অশান্তিতে প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীর বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছিল। এদিন এনআইএ দপ্তরে ঢোকার আগে সেই প্রসঙ্গে সাবিনা জানান, ভোটের মুখে দলীয় অনুষ্ঠান সেরে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তি দেখে তিনি গাড়ি থামিয়ে জমায়েত হঠানোর চেষ্টা করেছিলেন এবং তার সমস্ত ভিডিও রয়েছে।
তাঁর স্বামী সেদিন ঘটনাস্থলে ছিলেন না বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, এর আগে গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সাবিনাকে মালদহের কালিয়াচক থানায় তলব করেছিল এনআইএ। তবে সেই সময় স্বামী অসুস্থ হয়ে কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় তিনি কলকাতাতেই ছিলেন এবং ওইদিন কলকাতার এনআইএ দপ্তরে হাজিরা দেন। এবার ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক ও তাঁর স্বামী। সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।