পুবের কলম, ওয়েবডেস্ক: মা সোনিয়া গান্ধীর আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের পারস্পরিক স্নেহের স্মৃতিচারণ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক ও কটাক্ষকে এবার বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে বৃহত্তর আদর্শগত আক্রমণে রূপ দিল কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার হিন্দু ধর্মীয় ঐতিহ্য থেকে শিব-পার্বতী এবং শিব ও শক্তির সমন্বিত রূপ ‘অর্ধনারীশ্বর’-এর ভাস্কর্যের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে তীব্র ভাষায় তোপ দাগেন। তাঁর এই পাল্টা আক্রমণে শামিল হয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পবন খেরা দাবি করেন, ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্য কখনোই ভালোবাসা, স্নেহ বা ঘনিষ্ঠতাকে লজ্জার বিষয় হিসেবে দেখেনি।
আরও পড়ুন:
সোনিয়া গান্ধীর আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠতা ও ভালোবাসার প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিজেপি নেতা ও সমর্থকদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
সেই বিতর্কের জবাবে রবিবার এলিফ্যান্টা গুহার ‘অর্ধনারীশ্বর’-এর ছবি পোস্ট করে রাহুল লেখেন, ভারতের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যের গভীরে যতই তিনি প্রবেশ করছেন, ততই তাঁর কাছে স্পষ্ট হচ্ছে যে বিজেপি ও আরএসএস হলো "অভব্য, লোভী, জাতিবাদী পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন, যাদের আমাদের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই।" শিব ও পার্বতীর মিলিত রূপ ‘অর্ধনারীশ্বর’-এর ভাস্কর্য—যেখানে নারী ও পুরুষত্বের নীতি এক অবিচ্ছেদ্য সামগ্রিকতায় ধরা পড়ে—তা তুলে ধরে রাহুল মূলত বিজেপি-আরএসএসের তথাকথিত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই নিজের অবস্থানকে দৃঢ় করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।আরও পড়ুন:
রাহুল গান্ধীর পোস্টকে সামনে রেখে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পবন খেরা দাবি করেন, ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্যকলা কখনোই ভালোবাসা, স্নেহ বা ঘনিষ্ঠতাকে লজ্জার বিষয় হিসেবে দেখেনি; বরং ভালোবাসা, একাত্মতা এবং সম্প্রীতিকেই উদযাপন করেছে। তাঁর কথায়, "আশ্চর্যের কিছু নেই যে আরএসএস-বিজেপির দৃষ্টিভঙ্গি ভারতীয় সভ্যতার সমৃদ্ধি ও বৈচিত্র্য থেকে এতটা বিচ্ছিন্ন।"