পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনের দ্রুত বিচার করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে মূলত দুটি নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নাম বাদ যাওয়া ভোটারদের জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি ও অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
এসআইআর ট্রাইবুনালে নাম বাদ পড়ার বিরুদ্ধে যেমন আবেদন জমা পড়েছে, তেমনই নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও আর্জি জানিয়েছেন বহু ভোটার।

সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই দু’ধরনের আবেদনকে আলাদাভাবে বিচার করতে হবে। ট্রাইবুনালগুলিকে প্রথমে নাম বাদ পড়া ভোটারদের আবেদনগুলি অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করতে হবে এবং তারপরে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলি বিবেচনা করলেও চলবে। পাশাপাশি, ট্রাইবুনালে যাতে সকলে আবেদনের সুযোগ পান, সেদিকে লক্ষ্য রেখে কলকাতার যাতায়াতের সুবিধাযুক্ত বিভিন্ন জায়গা চিহ্নিত করে সেখানে ট্রাইবুনালের কাজ চালানোর নির্দেশও কমিশনকে দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে যে, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরভোট হবে, সেখানকার বিধানসভা ভিত্তিক কত নাম বাদ পড়েছে, তার পরিসংখ্যান নির্বাচন কমিশনকে জানাতে হবে।
যেহেতু কলকাতা পুরসভায় ভোট রয়েছে, তাই কলকাতা পুর এলাকায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে আদালত। অন্যদিকে, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা সরকারি পরিষেবা পাচ্ছেন না বলে এদিন আদালতে অভিযোগ তোলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যাঁদের এই বিষয়ে অভিযোগ রয়েছে, তাঁদের অবিলম্বে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।