পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে প্রথম দফার বৈঠক সারল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)। সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকের পর দুই দলের নেতারাই ইঙ্গিত দিয়েছেন যে, আসন রফা চূড়ান্ত হওয়ার পথে। আলোচনা আরও এগিয়ে নিতে আজ মঙ্গলবার ফের বৈঠকে বসবে দুই দল।
কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন প্রমোদ তিওয়ারি, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি আরাধনা মিশ্র, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম এবং সাংসদ ইমরান মাসুদ।
বৈঠক শেষে সপা সাংসদ রামগোপাল যাদব জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই পক্ষই একে অপরের বক্তব্য শুনেছে এবং আগামী দু-তিন দিনের মধ্যেই জোটের প্রক্রিয়া সম্পূর্ণ করে তা জানিয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদী। উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতমও জানান, দুই দলই একমত এবং একে অপরের প্রতি আস্থা রেখেই যৌথভাবে কাজ করবে। বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সম্মানজনকভাবেই খুব শীঘ্রই চুক্তি সম্পন্ন হবে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সব দিক চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র বলেন, আসন সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মঙ্গলবারের বৈঠকের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। বৈঠক ইতিবাচক হয়েছে এবং জোট নিয়ে দুই দলের মধ্যে কোনও মতভেদ নেই বলে জানিয়ে তিনি দাবি করেন, আগামী দুই থেকে চার দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সপা-র রাজ্য সভাপতি শ্যামলাল পালও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, একটি শক্তিশালী জোট গঠিত হতে চলেছে।
এর আগে প্রমোদ তিওয়ারি জানিয়েছিলেন, আসন বণ্টনের ক্ষেত্রে জেতার সম্ভাবনাই মূল মাপকাঠি হবে এবং দুই দলই সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রগুলির মূল্যায়ন তুলে ধরবে। বৈঠকের আগে সপা সাংসদ রাজীব রাই জানান, প্রতিটি আসন ধরে আলাদা আলাদা করে আলোচনা হবে। বিজেপিকে পরাজিত করার লক্ষ্য নিয়েই দুই দলের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য রামগোপাল যাদব, শ্যামলাল পাল, রাজীব রাই এবং ইকরা চৌধুরীকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল সপা।
তবে এই প্রস্তাবিত জোটের সমালোচনা করেছে বিজেপি। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক দাবি করেছেন, সপা-কংগ্রেস জোট ব্যর্থ হবে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পুনরায় ক্ষমতায় ফিরবে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের মোট ৪০৩টি আসনে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসেবে একসঙ্গে লড়েছিল সপা ও কংগ্রেস। সেই নির্বাচনে সপা ৬২টি আসনে লড়ে ৩৭টিতে জয়ী হয়েছিল এবং কংগ্রেস ১৭টি আসনে প্রার্থী দিয়ে ৬টিতে জয়লাভ করেছিল।