পুবের কলম ওয়েব ডেস্ক: পুরভোট সংক্রান্ত ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম। সোমবার মামলার শুনানিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আদতে কার, সেই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। পাশাপাশি, রাজ্যের এক্তিয়ার থাকলেও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। রাজ্য ও পুরসভার আইনজীবীদের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত জানিয়েছে, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে। ফলে আপাতত পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিতই রইল।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু করে সরকার। শুরু থেকেই এই সিদ্ধান্তে আপত্তি জানায় বিরোধী দলগুলি এবং পরবর্তীতে বিষয়টি কলকাতা হাই কোর্টে গড়ায়। এরই মাঝে নভেম্বরেই কলকাতা ও হাওড়া-সহ ৭টি পুরসভায় নির্বাচন হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু চলতি মাসের শুরুতেই হাই কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দুটি আলাদা মামলা দায়ের করে রাজ্য ও কলকাতা পুরসভা। সোমবার বেলা ১২টায় সেই জোড়া মামলার শুনানি শুরু হয়। শুনানিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কার, তা জানতে চাইলে রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কলকাতা পুরসভার সুপারিশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, পুরসভার তরফে জানানো হয় যে এটি রাজ্যের সিদ্ধান্ত। দু’পক্ষের এমন বক্তব্যে পালটা প্রশ্ন করে আদালত জানায়, কলকাতা পুরসভায় বর্তমানে কোনও মেয়র বা মেয়র পারিষদ নেই; তাহলে প্রশাসক কীভাবে এই সুপারিশ করলেন এবং তাঁর আদৌ সেই এক্তিয়ার রয়েছে কি না? বিচারপতি জয়মাল্য বাগচী জানান, রাজ্যের এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়েছিল কি? এর জবাবে তুষার মেহতা জানান, অভিযোগ ও আপত্তি জানানোর জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছিল এবং মোট ২৮০টি চিঠি জমা পড়েছিল, তবে তাঁদের মধ্যে ৭০ জন শুনানিতে আসেননি। যাবতীয় বক্তব্য শোনার পর আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।