পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আগে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ করা হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পে ভাতা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোটের চার মাস আগে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতীকে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। সেই তালিকার ডিজিটাইজড আবেদনগুলির যাচাই চলছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সংকল্প পত্রে বলেছিলাম গ্র্যাজুয়েটদের জন্য ৩০০০ এবং যারা গ্র্যাজুয়েট নয় তাদের জন্য ২০০০ টাকা দেব।
কিন্তু এই মুহূর্তে আমরা অনেকগুলো নতুন স্কিম নিয়েছি, ডিএ দিয়েছি, এরিয়ার ডিএ মিটিয়েছি। অনেক অর্থনৈতিক দায়িত্ব তো আমাদের উপর পড়েছে।”আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ মাস অর্থাৎ ২০২৭ সালের ১২ মাস এবং ২০২৮ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ—এই পর্বে গ্র্যাজুয়েট এবং সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট বা আইটিআই-এ কারিগরি প্রশিক্ষণ নেওয়া পড়ুয়াদের মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। বাকিরা পাবেন মাসে ১৫০০ টাকা। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা আপনাদের কাছ থেকে সরি বলে ১৫ মাস সময় চেয়ে নিলাম যে ৩০০০, ২০০০ এই মুহূর্তে দিতে পারলাম না। এই ১৫ মাস আপনারা ২০০০ আর দেড় হাজার নিন।
” তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে সংকল্প পত্র অনুযায়ী ৩০০০ ও ২০০০ টাকা করেই ভাতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।আরও পড়ুন:
নতুন নিয়মে একাধিক শর্তও জুড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, একটি পরিবারে সর্বোচ্চ দু’জন এই ভাতা পাবেন। যাঁরা অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা ভাতা পাচ্ছেন, তাঁরা ভরসা প্রকল্পের টাকা পাবেন না। তাঁর বক্তব্য, “যারা অন্নপূর্ণা যোজনায় পেয়েছেন বোনেরা তারা এই ভাতা পাবেন না। তারা অন্নপূর্ণাই পাবেন যেহেতু সেটা হায়ার আছে ৩০০০ টাকা।
” ইতিমধ্যেই ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণার সুবিধাভোগী এবং মাধ্যমিকের নীচে যোগ্যতা থাকা ১ লক্ষ ১৬ হাজার ৬২৫ জনকে আলাদা করার কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা শিক্ষাগত যোগ্যতা জানাননি, তাঁদের তা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।আরও পড়ুন:
যাঁরা আগে আবেদন করেননি বা বাদ পড়েছেন, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ বা সিএমআরও-র গ্রিভেন্স সেলে বয়স ও যোগ্যতার নথি দিয়ে আবেদন করতে পারবেন। নোডাল দপ্তর হিসেবে যুব কল্যাণ দপ্তর সেই আবেদন খতিয়ে দেখবে এবং প্রতি ১৫ দিন অন্তর তালিকা সংশোধন করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “যুব কল্যাণ দপ্তর প্রত্যেকদিনই রিভিউ করবে বা প্রতি ১৫ দিন অন্তর এক্সক্লুড ইনক্লুড করবে আর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যখন পেমেন্ট হবে তখন কিছু মাইনাস হবে আবার যুক্ত হবে।” ৪৫ বছর পেরোলে বা চাকরি পেলে তালিকা থেকে নাম বাদ যাবে। রাজ্য পুলিশের ১৩৩১ জন সাব-ইন্সপেক্টর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুলিশের ৪০০০ কনস্টেবল নিয়োগ এবং শিক্ষক নিয়োগের কথাও তুলে ধরেন তিনি।