পুবের কলম ওয়েব ডেস্ক: ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডর সংলগ্ন সীমান্তের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য সরকার। গোয়েন্দা সূত্রের খবর, সীমান্তবর্তী সরকারি জমি থেকে জবরদখল হটানো এবং অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে শিলিগুড়িতে আয়োজিত এক উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, শিলিগুড়ি করিডর এলাকাকে সম্পূর্ণ জবরদখলমুক্ত রাখতে হবে এবং কঠোরভাবে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি উপস্থিত ছিলেন।


সীমান্ত সুরক্ষিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। কাঁটাতারের বেড়া দেওয়া এবং নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার জন্য শিলিগুড়ি করিডর ও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়েছে। জমি হস্তান্তরের পর কাঁটাতার দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, করিডর এলাকায় সেনা চলাচল ও যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দ্রুত সেগুলির সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।

এর আগে শিলিগুড়ি সফরে এসে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সূত্রে খবর, সেই গ্রিড তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে সীমান্ত এলাকায় বহিরাগতদের আশ্রয় নেওয়া এবং জবরদখল নিয়েও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। সেই মতো পদক্ষেপ শুরু করেছে রাজ্য। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিনের চুম্বি উপত্যকা সংলগ্ন ২০ থেকে ২২ কিলোমিটার দীর্ঘ এই করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। করিডর ও সীমান্ত সংলগ্ন সরকারি জমি থেকে যে কোনও ধরনের দখলদারি সরাতে আগে যে বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটি এবার কাজ শুরু করেছে বলে খবর।