পুবের কলম প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসরড প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই ও উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তির জন্য নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে এই নির্দেশিকা মানতে হবে। এসএসকে ও এমএসকে-গুলিতেও একই নিয়ম কার্যকর হবে। সোমবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষার অধিকার আইন অনুযায়ী কোনও শিশু বা তার অভিভাবককে ভর্তির জন্য কোনও রকম স্ক্রিনিং বা পরীক্ষার মুখোমুখি করা যাবে না।
আরও পড়ুন:
শিক্ষা দফতর জানিয়েছে, ৬ থেকে ১৪ বছর বয়সি সব শিশুকে পাড়ার স্কুলে বয়স অনুযায়ী উপযুক্ত ক্লাসে ভর্তি নিতে হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ৬ থেকে ১৮ বছর পর্যন্ত। প্রাক-প্রাথমিক শিক্ষা সহ প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে। কোনও ক্লাসে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা আসন সংখ্যার থেকে বেশি হলে ভর্তি হবে লটারির মাধ্যমে। প্রথমে সব আবেদনকারীর মধ্যে থেকে সাধারণ লটারি করে অসংরক্ষিত আসনে ভর্তি করা হবে। তারপর বাকি আবেদনপত্র থেকে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা লটারি করে সংরক্ষিত আসন পূরণ করা হবে। সংরক্ষণের ক্ষেত্রে প্রচলিত নিয়মই বহাল থাকবে বলে জানানো হয়েছে।ভর্তির ক্ষেত্রে বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী। প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য ওই তারিখে শিশুর বয়স হতে হবে ৫ বছর বা তার বেশি, কিন্তু ছয় বছরের কম। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬ থেকে ৭ বছরের কম, দ্বিতীয় শ্রেণিতে ৭ থেকে ৮ বছরের কম, তৃতীয় শ্রেণিতে ৮ থেকে ৮ বছরের কম, চতুর্থ শ্রেণিতে ৯ থেকে ১০ বছরের কম, পঞ্চম শ্রেণিতে ১০ থেকে ১১ বছরের কম, ষষ্ঠ শ্রেণিতে ১১ থেকে ১২ বছরের কম, সপ্তম শ্রেণিতে ১২ থেকে ১৩ বছরের কম এবং অষ্টম শ্রেণিতে ১৩ থেকে ১৪ বছরের কম।নির্দেশিকায় জোর দিয়ে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনও পড়ুয়াকে যেন স্কুলছুট হতে বাধ্য করা না হয়। স্কুলের বাইরে থাকা শিশুদের ভর্তি করে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এমনভাবে ভর্তি করতে হবে যাতে তারা আঠারো বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে। কম বয়সি শিশুদের ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক ৪ মাস পর্যন্ত বয়সে ছাড় দিতে পারবেন। স্কুলছুট শিশুদের ভর্তিতে সাহায্য করবেন জেলা শিক্ষা আধিকারিক। সব স্কুলকে সহযোগিতা করতে বলা হয়েছে। কোনও স্কুল আসন সংখ্যা বাড়াতে চাইলে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে স্কুল শিক্ষা কমিশনারের কাছে প্রস্তাব পাঠাতে পারবে।