মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টে হাওড়া পুরসভা সংক্রান্ত মামলার শুনানি চলে। রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়।এই বৃদ্ধি করানো নিয়েই মামলা দাখিল। যথাযথ  নিয়ম  মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তুলেছেন মামলাকারী। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভা ভোট নিয়েও এবার আইনি জটিলতা তৈরি হলো ।

ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। সোমবার রাজ্যের উচ্চ  আদালত জানিয়েছে , -’পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, সে ক্ষেত্রেও মামলার ভবিষ্যতের উপর বিষয়টি নির্ভর করবে’। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও মামলায় যা নির্দেশ হবে, তা মানতে হবে রাজ্য নির্বাচন  কমিশনকে।হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গেল  বেঞ্চে।
শুনানিপর্ব শেষে ভোটঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি রাজ্যের উচ্চ  আদালত। তবে বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। তার আগে ভোটের দিনক্ষণ যদি ঘোষণা হয়ে যায়, তার পরেও এই মামলার ভবিষ্যতের উপর তা নির্ভর করবে। জানা গেছে, সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়। নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস না-করার অভিযোগ তোলেন মামলাকারী।
তাঁর দাবি, এর ফলে কলকাতা পুরসভার মতো হাওড়াতেও আইনি জটিলতা তৈরি হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে । সেই মামলায় কলকাতা হাইকোর্ট ভোটঘোষণার উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে  রাজ্য।সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। সেই শুনানিতে একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।