পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া সুপ্রিম কোর্টে বাতিল হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের জেল হওয়া উচিত—রবিবার এমনই মন্তব্য করলেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। হায়দরাবাদে ‘ফোরাম ফর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি’ আয়োজিত এসআইআর বিষয়ক এক আলোচনা সভায় প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তিনি এই দেশের প্রতি চরম অবিচার করেছেন।" পাশাপাশি, ফৌজদারি মামলা থেকে জ্ঞানেশ কুমারের রক্ষাকবচ বা দায়মুক্তির প্রশ্নটি সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন এবং তা কবে শোনা হবে তা স্পষ্ট নয় বলেও জানান তিনি।
আরও পড়ুন:
আলোচনা সভায় প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর সঙ্গে কোনো পরামর্শ না করেই একতরফাভাবে কাজ করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর দাবি, আইন অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষমতা প্রতিটি কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের হাতে থাকলেও, জ্ঞানেশ কুমার তা কমিশনের আইটি ব্যবস্থা ‘ইসিনেট’-এর হাতে তুলে দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের উল্লেখ করে জানান, জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪টি ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন অপর দুই কমিশনার, কিন্তু তা সত্ত্বেও সিদ্ধান্তগুলি কার্যকর করা হয়েছে।আরও পড়ুন:
প্রশান্ত ভূষণের দাবি, জনপ্রতিনিধিত্ব আইনের ২১(৩) ধারা অনুযায়ী কোনো নির্দিষ্ট কেন্দ্র বা তার অংশবিশেষের জন্য বিশেষ নিবিড় সংশোধনের সংস্থান রয়েছে, গোটা দেশের জন্য নয়। সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজের একটি আরটিআই আবেদনের উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে যে এসআইআর আয়োজনের সিদ্ধান্ত সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। ভূষণের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলা হলে কমিশন জানায় যে জরুরি পরিস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই কখনো কখনো হোয়াটসঅ্যাপে নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর প্রক্রিয়াকে বৈধতা দিয়েছিল।