পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথামূলক বই ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এ বিনায়ক দামোদর সাভারকরকে অসম্মান করার অভিযোগ উঠল। এই ঘটনায় আইনজীবীর মাধ্যমে সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর। নোটিসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইয়ের বিতর্কিত অংশ সংশোধনের দাবি জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব না মিললে পুনে জেলা আদালতে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


আইনি নোটিসে মূলত বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতার দুটি বক্তব্যের ওপর আপত্তি জানানো হয়েছে। বইয়ের ২০১ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে, কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশদের হাতে মার খাচ্ছিলেন এবং জেলে যাচ্ছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএস-এর প্রবীণ নেতারা ঔপনিবেশিক প্রভুদের কাছে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তাঁদের সদস্যরা ব্রিটিশদের খবরদাতা হিসেবে কাজ করতেন। অন্যদিকে, ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে গান্ধীজির সমসাময়িক নেতা ও হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে লেখা হয়েছে যে, তিনি ভারতকে এমন এক জাতি হিসেবে দেখতেন যেখানে হিন্দুরাই সর্বোচ্চ, এবং এই দৃষ্টিভঙ্গিই আরএসএস, বিজেপি ও সংঘ পরিবারের মূল ভিত্তি।
সাভারকরের বংশধরের দাবি, বইয়ে পরিবেশিত এই তথ্যগুলি ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং সাভারকরের সুনাম ও উত্তরাধিকারের পক্ষে ক্ষতিকর।
পরিবারের অভিযোগ, ২০১ নম্বর পাতার বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয় যেন সাভারকর ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে অন্য স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে খবর পাচার করতেন এবং স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কোনও ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়াই এই ধরনের মন্তব্য করা হয়েছে এবং সেলুলার জেলে তাঁর অমানুষিক কষ্টের কথা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি, ৪৪৩ নম্বর পাতায় তাঁকে ‘হিন্দু আধিপত্য’ চাওয়া নেতা হিসেবে দেখিয়ে তাঁর রাজনৈতিক চিন্তাধারার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই বইয়ের পরবর্তী সংস্করণ ও ডিজিটাল সংস্করণ থেকে ওই অংশগুলি সংশোধন বা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রকাশককে বলা হয়েছে।