রাজনৈতিক জীবনের শেষ ভাষণ হয়ে উঠল জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পার্লামেন্টে বিদায়ী ভাষণ দিতে গিয়ে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক আইনপ্রণেতা। শুধু প্রস্তাব দেওয়াই নয়, পার্লামেন্টের অধিবেশন কক্ষেই হাঁটু গেড়ে বসে প্রেমিকার হাতে পরিয়ে দিলেন বাগদানের আংটি। প্রেমিকার সম্মতি মিলতেই করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল গোটা অধিবেশন কক্ষ।

ঘটনাটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ৩২ বছর বয়সি জর্ডান লেন নিউ সাউথ ওয়েলসের রাইড আসনের লিবারেল পার্টির আইনপ্রণেতা।

২০২৩ সালে রাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার আগে স্থানীয় কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় পরবর্তী রাজ্য নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে চলতি মাসের শুরুতেই ঘোষণা করেছিলেন লেন।

বিদায়ী ভাষণে নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা, পরিবার এবং ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করছিলেন তিনি। সেই সময় দর্শক গ্যালারিতে বসে থাকা দীর্ঘদিনের প্রেমিকা নাটালির দিকে নজর যায় তাঁর। এরপরই আসে চমক। বক্তব্যের একপর্যায়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, রাইডের আইনপ্রণেতা হিসেবে এটিই তাঁর শেষ প্রশ্ন।

তারপর নাটালির দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘আমার প্রিয় নাটালি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

এরপর পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে বসে নাটালিকে বিয়ের প্রস্তাব দেন জর্ডান। প্রেমিকার সম্মতি মিলতেই তাঁর হাতে আংটি পরিয়ে দেন। দু’জনকে চুম্বন করতেও দেখা যায়। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে উপস্থিত অতিথিরা।

নাটালি সম্মতি দেওয়ার পর রসিকতা করে লেন বলেন, সংসদের আনুষ্ঠানিক কার্যবিবরণীতে যেন তাঁর সম্মতির বিষয়টিও লিপিবদ্ধ করা হয়।

গোটা ঘটনায় আনন্দ প্রকাশ করেন পার্লামেন্টের স্পিকার গ্রেগ পাইপারও। তিনি মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্টকে ‘ভালোবাসার পার্লামেন্ট’ হিসেবেই মনে রাখা হবে।

উল্লেখ্য, জর্ডান লেন ও নাটালি এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। পার্লামেন্টের সেই বিশেষ মুহূর্তের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন লেন। সেখানে তিনি লেখেন, ‘আমি রাইডকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তবে নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’

রাজনীতির মঞ্চে বিদায়বেলার ভাষণ, আর সেই ভাষণেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা। ব্যতিক্রমী এই বিয়ের প্রস্তাবের মুহূর্ত এখন আলোচনায়।