অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা অন্যের ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? কাজ শেষ করে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করেই নিশ্চিন্তে বেরিয়ে যাচ্ছেন? তাহলে সাবধান! আপনার এই সামান্য অসতর্কতাই বড়সড় সাইবার বিপদের কারণ হয়ে উঠতে পারে। ব্যক্তিগত কথোপকথন, ছবি, পরিচিতদের ফোন নম্বর থেকে শুরু করে বিভিন্ন গ্রুপের তথ্য চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে। এই ঝুঁকির কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন:
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট সম্প্রতি এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, অন্যের কম্পিউটার বা পাবলিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পর সঠিকভাবে লগ আউট না করলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিশেষ করে কোনও কম্পিউটারে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকলে তৃতীয় ব্যক্তি সহজেই তার সুযোগ নিতে পারে।
আরও পড়ুন:
এর ফলে ব্যক্তিগত মেসেজ, পরিচিতদের ফোন নম্বর এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে। সাইবার অপরাধীরা এই তথ্য ব্যবহার করে প্রতারণা, ব্ল্যাকমেলিং কিংবা আর্থিক জালিয়াতির মতো অপরাধ ঘটাতে পারে। এমনকি ব্যক্তিগত ছবি ও কথোপকথনকে হাতিয়ার করে ব্যবহারকারীকে বিপদে ফেলার চেষ্টাও হতে পারে।
আরও পড়ুন:
সাইবার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর অবশ্যই অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হবে। পাশাপাশি সরকারি, আর্থিক কিংবা অন্য কোনও সংবেদনশীল তথ্য হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আদানপ্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বিশেষ করে সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, বিজনেস সেন্টার কিংবা অন্যের কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। একান্ত প্রয়োজন হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টে কোনও অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও কম্পিউটার, অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা। অজানা উৎস থেকে কোনও ফাইল ডাউনলোড করা কিংবা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
প্রযুক্তির ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি। তাই সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, অন্যের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই লগ আউট করুন। মনে রাখবেন, শুধু ট্যাব বন্ধ করা আর অ্যাকাউন্ট থেকে লগ আউট করা এক বিষয় নয়।