পুবের কলম ওয়েব ডেস্ক: প্রায় ২ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে তদন্তে নেমে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুরারই থানার পুলিশ। ধৃতের নাম মেহেবুব আলম। মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার একটি জায়গা থেকে গত রাতে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সাইবার প্রতারণার ঘটনায় এর আগে মোশারফ হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য এবং তদন্তে উঠে আসা বিভিন্ন সূত্রের ভিত্তিতেই মেহেবুব আলমের নাম সামনে আসে। এরপর তাঁর অবস্থান চিহ্নিত করে সুতি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, প্রায় ২ লক্ষ টাকার সাইবার প্রতারণার সঙ্গে ধৃতের যোগসূত্র মিলেছে। প্রতারণার অর্থ কীভাবে হাতবদল হয়েছে এবং এই কারবারে আরও কারা যুক্ত রয়েছে, তা জানতেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
এই প্রতারণা চক্রের পিছনে আরও কেউ রয়েছে কি না, প্রতারণার টাকা কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনও চক্রের যোগাযোগ রয়েছে কি না, সে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে মুরারই থানার পুলিশ।