উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সুন্দরবনের জীববৈচিত্র্যের মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে সন্ধান মিলেছে এক বিরল সামুদ্রিক ঝিনুকের। ‘হ্যানলেয়ানা ভেস্টালিয়য়েডিস’ নামে পরিচিত এই ঝিনুকটি ‘কাগজ-ঝিনুক’ নামেও পরিচিত। গবেষকদের দাবি, ভারতে এই প্রজাতির উপস্থিতি প্রথমবারের মতো নথিভুক্ত হল।তবে এই আবিষ্কার জীবিত ঝিনুকের সন্ধান নয়, বরং অতীতে সুন্দরবন অঞ্চলে এই প্রজাতির অস্তিত্বের প্রমাণ মিলেছে। বিজ্ঞানীদের কাছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স এবং চিনের উপকূলবর্তী অঞ্চলে এই প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল। এবার সুন্দরবনের মাটির গভীর থেকে উদ্ধার হওয়া নমুনা ভারতের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আরও অজানা সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা।
বঙ্গবাসী কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক অর্ঘ্য সরকার এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জেডএসআই) দুই বিজ্ঞানীর যৌথ গবেষণায় এই আবিষ্কারের বিষয়টি উঠে এসেছে। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘এশিয়ান জার্নাল অফ কনজারভেশন বায়োলজি’-তে।গবেষকদের বিবরণ অনুযায়ী, এই ঝিনুকটি মোলাস্ক বা কম্বোজ গোষ্ঠীর টেলিনিড পরিবারের অন্তর্গত। এর খোলস অত্যন্ত পাতলা, চ্যাপ্টা ও লম্বাটে। সাধারণত সমুদ্রের বালুকাময় কিংবা কাদামাটির তলদেশে এই ধরনের ঝিনুকের বসবাস। ১৯২০ সালে জাপানি সামুদ্রিক জীববিজ্ঞানী এম ইয়োকোহামা প্রথম এই প্রজাতির বৈজ্ঞানিক বিবরণ প্রকাশ করেন।ঝিনুকটির খোলসের বিশেষ গঠনই এর পরিচয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। খোলসের সামনের অংশ গোলাকার ও তুলনামূলক চওড়া, পিছনের অংশ ছোট এবং তির্যক। পিছনের দিকে রয়েছে বিশেষ ধরনের একটি খাঁজ, যা ‘হ্যানলেয়ানাস নচ’ নামে পরিচিত। সুন্দরবনে উদ্ধার হওয়া নমুনাটির খোলসের দৈর্ঘ্য প্রায় ২৩ মিলিমিটার। প্রজাতিটির পরিচয় নিশ্চিত করতে গবেষকরা জেডএসআই-এর ন্যাশনাল জুলজিক্যাল কালেকশনে সংরক্ষিত নমুনা এবং মূল প্রজাতির চিত্রের সঙ্গে তুলনা করেন।এই আবিষ্কারের পিছনে রয়েছে দীর্ঘ অনুসন্ধানের কাহিনি। ২০২৩ সালের ৭ এপ্রিল ভাটার সময় পাথরপ্রতিমার গোবর্ধনপুর এবং সংলগ্ন ধনচি সংরক্ষিত বনাঞ্চলে সমীক্ষা চালানোর সময় গবেষকদের নজরে আসে ঝিনুকটির খোলস। উপকূলীয় এলাকায় আমফান ও বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিক্ষয়ের ফলে মাটির নিচের পুরনো স্তর উন্মুক্ত হয়ে পড়েছিল। সেখানেই পলির স্তরের নিচে প্রায় ন'ফুট গভীরে পিট বা আংশিক পচে যাওয়া উদ্ভিদ উপাদানে তৈরি স্তর থেকে উদ্ধার হয় এই ঝিনুকের খোলস।গবেষণাপত্রে উদ্ধার হওয়া নমুনাটিকে ‘উপজীবাশ্ম’ বা ‘সাব-ফসিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বর্তমানে সুন্দরবনের কোথাও এই ঝিনুকের জীবিত বসতি রয়েছে, এমন দাবি করছেন না গবেষকরা। বরং অতীতে এই অঞ্চলের সামুদ্রিক পরিবেশে যে এই প্রজাতির অস্তিত্ব ছিল, তারই প্রমাণ মিলেছে।গবেষকদের মতে, এই ধরনের উপজীবাশ্ম উপকূলীয় অঞ্চলের অতীত ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান। এগুলিকে এক ধরনের প্রাকৃতিক ‘সামুদ্রিক টাইম মেশিন’ বলা যায়। অতীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটা ছিল, উপকূলের ভৌগোলিক অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে এবং সামুদ্রিক পরিবেশের বিবর্তন কীভাবে ঘটেছে, তার নানা তথ্য পাওয়া সম্ভব এই ধরনের নমুনা থেকে।
গবেষণায় আরও উঠে এসেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক অঞ্চলে বসবাসকারী এই প্রজাতির লার্ভা সমুদ্রস্রোতের মাধ্যমে সুন্দরবন উপকূলে পৌঁছে থাকতে পারে। যদিও এই সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের উপকূলীয় অঞ্চলে মোলাস্ক বা সামুদ্রিক ঝিনুকের বৈচিত্র নিয়ে এখনও অনেক গবেষণার অবকাশ রয়েছে। এতদিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতিগুলির উপরেই গবেষণার অধিকাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বহু অচেনা প্রজাতি গবেষণার আড়ালে থেকে গিয়েছে।সব মিলিয়ে,পাথরপ্রতিমার গোবর্ধনপুরে পাওয়া এই বিরল সামুদ্রিক ঝিনুকের উপজীবাশ্ম শুধু একটি নতুন প্রজাতির নথিভুক্তির ঘটনা নয়, সুন্দরবনের কয়েক হাজার বছরের প্রাকৃতিক ও সামুদ্রিক ইতিহাস জানার ক্ষেত্রেও খুলে দিল নতুন সম্ভাবনার দরজা। সুন্দরবনের মাটির গভীরে যে এখনও বহু অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে, এই আবিষ্কার যেন তারই নতুন ইঙ্গিত।