সাজাহান আলি : দক্ষিণ  দিনাজপুর , ২৩ নভেম্বর :  দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে নদীয়া জেলার মায়াপুরের সরাসরি সড়ক যোগাযোগ শুরু হল সোমবার থেকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস প্রতিদিন যাতায়াত করবে বালুরঘাট থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত । মালদা , বহরমপুর , ঐতিহাসিক পলাশী ,  বেথুয়াডহরি ফরেস্ট সহ মোট ২১ টি স্টপেজে সরকারি বাসটি দাঁড়াবে । প্রতিদিন সকাল ৮ টা ৩০ মিনিটে বালুরঘাট থেকে ছেড়ে মায়াপুর পৌঁছাবে সন্ধ্যা ৫ টায় ।

পরের দিন সকাল ৭ টায় আবার বাসটি মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে । এই যাত্রাপথের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ২৬৫ টাকা । তবে মহিলারা আধার কার্ড দেখালেই সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন । সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা ।
     বালুরঘাট - মায়াপুর সরকারি বাস পরিষেবার উদ্বোধন করে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানান , বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এর চেষ্টায় ইতিপূর্বে বালুঘাটের সঙ্গে নবদ্বীপ পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হয়েছে । এবার মায়াপুর পর্যন্ত বাস যোগাযোগের ফলে পুণ্যার্থী ও সাধারণ মানুষের অনেক সুবিধা হবে । আরো জানা গিয়েছে , প্রায় ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা বালুরঘাট -  সাফানগর ভায়া কুমারগঞ্জ সরকারি বাস পরিষেবা পুনরায় ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে । এর ফলে বালুরঘাট থেকে পতিরাম ,  মোহনা , গোপালগঞ্জ , কুমারগঞ্জের নিত্যযাত্রীসহ সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবেন ।।