পশ্চিমবঙ্গে পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আবেদনের দ্রুত শুনানি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে পুরভোট হতে চলেছে, এমন এলাকাগুলির আবেদনকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও জানানো হয়েছে।

সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে রাজ্যে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে হবে নির্বাচন কমিশনকে।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ট্রাইবুনালে জমা পড়া সমস্ত আবেদন একইভাবে বিবেচনা করা যাবে না।

ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদনের নিষ্পত্তি করতে হবে আগে। অন্যদিকে, ভোটার তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলির শুনানি পরবর্তী পর্যায়ে করা যেতে পারে। অর্থাৎ, বাদ পড়া ভোটারদের অধিকার সুরক্ষার বিষয়টিকে আপাতত সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছে আদালত।

এ ছাড়া, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই এলাকাগুলির বাদ পড়া ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কলকাতা পুরসভা এলাকার ভোটারদের আবেদনেও।

আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন প্রান্তে ট্রাইবুনালের কাজের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশও দিয়েছে আদালত।

এমন জায়গায় ট্রাইবুনালের শুনানির ব্যবস্থা করতে হবে, যেখানে সাধারণ মানুষের যাতায়াত সহজ। যাতে কোনও ভোটারকে দূরত্ব বা যাতায়াতের অসুবিধার কারণে আবেদন জানাতে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। পরবর্তী সময়ে তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু মানুষ নিজেদের বৈধ ভোটার হিসেবে দাবি করে সেখানে আবেদন জানিয়েছেন। কিছু আবেদনের নিষ্পত্তি হলেও এখনও বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে, এসআইআরের বিচারাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাই কোর্টের উপর ন্যস্ত করেছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতিকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই বর্তমানে ট্রাইবুনালগুলিতে শুনানি চলছে।

তবে ট্রাইবুনালে জমে থাকা আবেদনের সংখ্যা এবং শুনানির গতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবি উঠলেও বর্তমানে ট্রাইবুনালে ১৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন বলে জানা গিয়েছে। 
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে তাই একদিকে যেমন ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর উদ্যোগের কথা বলা হয়েছে, অন্যদিকে বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি শেষ করার বিষয়টিও সামনে এসেছে।