কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাঁর বই ‘Belonging: A Journey of Love’-এ বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা কয়েকটি মন্তব্যের বিরোধিতা করে এবার আইনি পথে হাঁটল সাভারকর পরিবার। বইয়ের বক্তব্যকে তথ্যগতভাবে ভুল ও ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর বলে দাবি করে সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর। একই সঙ্গে বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পুনে জেলা আদালতে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতার দুটি বক্তব্য নিয়ে আপত্তি জানানো হয়েছে। অভিযোগ, এই বক্তব্যগুলিতে সাভারকরের রাজনৈতিক ভূমিকা ও ঐতিহাসিক অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত সম্মান এবং ঐতিহাসিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন:
বইয়ের ২০১ নম্বর পাতায় সোনিয়া গান্ধী লিখেছেন বলে উদ্ধৃত করা হয়েছে, কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশদের হাতে নির্যাতিত হচ্ছিলেন এবং কারাবন্দি হচ্ছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রবীণ নেতারা ব্রিটিশ শাসকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছিলেন। পাশাপাশি তাঁদের সদস্যদের একাংশ ব্রিটিশদের কাছে খবর পৌঁছে দেওয়ার কাজ করতেন বলেও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তিনি এমন একটি ভারতীয় রাষ্ট্রের ধারণা পোষণ করতেন, যেখানে হিন্দুরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। বইয়ে আরও দাবি করা হয়েছে, এই মতাদর্শই আরএসএস, বিজেপি এবং সংঘ পরিবারের ভিত্তি।
আরও পড়ুন:
সাভারকর পরিবারের অভিযোগ, ২০১ নম্বর পাতার বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয় যে, সাভারকর ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে অন্য স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করতেন। অথচ এই ধরনের মন্তব্যের পক্ষে প্রয়োজনীয় ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। নোটিসে সেলুলার জেলে সাভারকরের কারাবাস ও নির্যাতনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করে বইয়ের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে।
আরও পড়ুন:
একইভাবে ৪৪৩ নম্বর পাতায় সাভারকরের রাজনৈতিক চিন্তাধারাকে ‘হিন্দু আধিপত্যবাদী’ হিসেবে তুলে ধরার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে তাঁর পরিবার। তাদের দাবি, এই বর্ণনা সাভারকরের রাজনৈতিক দর্শনের ভুল ব্যাখ্যা।
আরও পড়ুন:
আইনি নোটিসে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বইয়ের প্রকাশককে পরবর্তী মুদ্রিত সংস্করণ এবং ডিজিটাল সংস্করণ থেকে বিতর্কিত বক্তব্য সংশোধন বা প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব না দেওয়া হলে পুনে জেলা আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সত্যকি সাভারকর। ফলে সোনিয়া গান্ধীর স্মৃতিকথাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে।