গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা এবং দেব দীপাবলি—একই দিনে তিনটি ধর্মীয় উৎসব। এমন পবিত্র দিনে মঙ্গলবার সকালেই বালির গুরু গোবিন্দ সিংজি গুরুদ্বারে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানান তিনি। গুরুদ্বার কমিটির সদস্যরা উত্তরীয় ও শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর উপস্থিত সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
তবে এদিনের সফরে শুধু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়াই নয়, শিখ সম্প্রদায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক। তাঁর কথায়, “যখন আমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছুই ছিলাম না, তখন থেকেই এঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার ক্ষমতা বা পদ কিছুই দেখেননি।
সেই থেকেই আমার সঙ্গে ওঁদের নিবিড় সম্পর্ক।”আরও পড়ুন:
গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টার তৈরির দাবিও এদিন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি মেনে সরকারি উদ্যোগে সেই কাজ করে দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। তিনি জানান, গত বছর যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখনই গুরুদ্বার কমিটির সদস্যরা তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে কাজটি করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি।
এবার সরকারি উদ্যোগেই কমিউনিটি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।আরও পড়ুন:
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগেও গুরু নানকের জন্মজয়ন্তী ও প্রকাশ পরব উপলক্ষে তিনি এই গুরুদ্বারে এসেছেন। গুরু নানকের ৩৫০তম প্রকাশ পরবের সময় শিখ সম্প্রদায়ের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বাসের ব্যবস্থাও করেছিলেন বলে জানান তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর উপস্থিতি নজরে এসেছে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী, হুল দিবস থেকে শুরু করে গোবর্ধন পুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজো—বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এবার গুরু নানক জয়ন্তীতেও বালির গুরুদ্বারে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সম্প্রদায়ের মানুষের দাবিদাওয়া শোনা এবং উন্নয়নমূলক কাজের আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে এদিনের সফরকে তাৎপর্যপূর্ণ করে তুললেন শুভেন্দু অধিকারী।