পুবের কলম ওয়েবডেস্ক, চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি-লিট দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনও অভিনেতাকে এই সম্মান দেওয়া হচ্ছে। রাজ্যপালের অনুমোদনের পর আগামী সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে ডিগ্রি তুলে দেওয়া হবে।
আরও পড়ুন:
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
ওই অনুষ্ঠানেই মিঠুনের হাতে ডি-লিট তুলে দেওয়া হবে। পাশাপাশি দুই অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী ও জি পার্থসারথীকে সাম্মানিক ডিএসসি ডিগ্রি দেওয়া হবে। কৃতী পড়ুয়াদেরও সম্মানিত করা হবে।আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এর আগে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে ডি-লিট দেওয়া হলেও কোনও অভিনেতা এই সম্মান পাননি। তবে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলি অভিনেতাদের এই সম্মানে ভূষিত করেছে।
২০১৮ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শর্মিলা ঠাকুরকে ডি-লিট দেয়। ২০১৭ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই সম্মান দিয়েছিল অভিনেতা অমল পালেকরকে।আরও পড়ুন:
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট তাঁর সম্মানের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে।