পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটপর্ব শান্তিপূর্ণভাবে শেষ হতেই প্রশাসনিক স্তরে প্রথম গুরুত্বপূর্ণ বদলির ঘোষণা করা হল। রাজ্যপালের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে ২০০২ ব্যাচের আইএএস আধিকারিক সৌমিত্র মোহনকে। এতদিন তিনি রাজ্যের পরিবহণ দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে রাজ্যপালের দফতরের গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে।

উল্লেখ্য,  ভোটের আগেই বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন আরএন রবি। কলকাতার রাজভবনে শপথ গ্রহণের পরপরই তিনি সচিব পদে নতুন নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় তখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ভোটপর্ব শেষ হতেই সেই নিয়োগ কার্যকর করা হয়েছে।

সৌমিত্র মোহন দীর্ঘদিন ধরে পরিবহণ দপ্তরের শীর্ষ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ওই পদে ছিলেন। নির্বাচনের সময় রাজ্যের একাধিক প্রশাসনিক পদে রদবদল হলেও তাঁকে তখন সরানো হয়নি। ফলে ভোট শেষ হওয়ার পরই তাঁর এই নতুন দায়িত্ব পাওয়া প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমলে রাজ্যপালের সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছিল। বিরোধীদের একাংশের তরফে অভিযোগ উঠেছিল, শাসকদলের সঙ্গে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তৎকালীন রাজ্য সরকার সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। পরবর্তীতে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে আনা হয়। পরে তিনি মুখ্যসচিবের দায়িত্বও সামলেছেন। এবার সেই পদে সৌমিত্র মোহনের নিয়োগকে ঘিরে প্রশাসনিক অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।