পুবের কলম ওয়েব ডেস্ক: গাড়ির বকেয়া কর আদায়ে মালিকদের জন্য বড়সড় আর্থিক ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া মূল করের সম্পূর্ণ টাকা জমা দিলে জরিমানার পুরো অর্থই মকুব করা হবে। শুধু তা-ই নয়, মেয়াদ পেরিয়ে যাওয়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট (সিএফ) নবীকরণের অতিরিক্ত ফি-তেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রাইভেট এবং বাণিজ্যিক—দু’ধরনের গাড়ির মালিকরাই এই সুবিধা পাবেন।
সোমবার অর্থ দপ্তরের অনুমোদনক্রমে ‘এককালীন ছাড় প্রকল্প ২০২৬-২৭’-এর বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দপ্তর। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই প্রকল্প কার্যকর হয়েছে এবং তা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে গাড়ির মালিকদের হাতে সময় রয়েছে মোট ৩৮ দিন। ফিটনেস সার্টিফিকেট নবীকরণের বর্তমান নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ফি দিতে হয়। তবে নতুন প্রকল্পে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩০ দিনের কম দেরি হলে প্রতিদিন ৫০ টাকা করে দিতে হবে, আর বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে অতিরিক্ত ফি বাবদ এককালীন ১,৫০০ টাকা দিলেই চলবে। যদিও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, কেবল আবেদন করলেই এই ছাড় পাওয়া যাবে না। প্রকল্পের সুবিধা পেতে হলে ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট গাড়ির সমস্ত প্রযোজ্য কর ও ফি জমা দিয়ে ফিটনেস নবীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রকল্পটি কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে পরিবহণ দপ্তর। ছাড়ের সুবিধা যাতে অনলাইনে সহজেই পাওয়া যায়, সেজন্য ‘বাহন’ সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত আরটিও এবং এআরটিও অফিসকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিবহণ দপ্তরের বক্তব্য, একদিকে গাড়ির মালিকদের আর্থিক বোঝা কমানো এবং অন্যদিকে বকেয়া কর আদায় ও মেয়াদোত্তীর্ণ নথি নবীকরণে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, জরিমানা-সহ বকেয়া করের পরিমাণ কয়েকশো কোটি টাকায় দাঁড়িয়েছে। আগে চিঠি পাঠিয়েও কর আদায়ে মালিকদের তরফে তেমন উৎসাহ মেলেনি; বরং তাঁরা জরিমানা মকুবের দাবি জানাচ্ছিলেন। রাজ্য সরকার সেই দাবি মেনে নেওয়ায় খুশি বাস, ট্রাক, ট্যাক্সি, ক্যাব এবং পুলকার সংগঠনগুলি। নির্ধারিত সময়ের মধ্যে কর ও ফি জমা দিয়ে এই সুযোগ নেওয়ার জন্য গাড়ির মালিকদের কাছে আবেদন জানিয়েছে পরিবহণ দপ্তর।