পুবের কলম, নয়াদিল্লি: ২০২০ সালের দিল্লি হিংসার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন বুধবার শুনবে সুপ্রিম কোর্ট। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) দীর্ঘদিন বন্দি থাকা এই দুই প্রাক্তন ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করেছিল দিল্লি হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।
আবেদনকারীদের বক্তব্য, ২০২০ সাল থেকে তাঁরা কারাবন্দি।

অথচ মামলার বিচারপ্রক্রিয়া এখনও কার্যত শুরুই হয়নি। শারজিল ইমামের আবেদনে জানানো হয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর জমা পড়া চার্জশিটে ১৮ জন অভিযুক্তের নাম রয়েছে। প্রসিকিউশন ৯০০-র বেশি সাক্ষীর তালিকা দিয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জন সংরক্ষিত সাক্ষী। কিন্তু ছ’বছর নয় মাস জেলে কাটানোর পরেও একজন সাক্ষীরও জবানবন্দি নেওয়া হয়নি বলে দাবি ইমামের।

উমর খালিদও একই যুক্তিতে জামিন চেয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন বিচারাধীন অবস্থায় কারাবাস এবং সাক্ষ্যগ্রহণে অস্বাভাবিক বিলম্ব সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে।
গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয়। এর আগে ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টও জামিন দেয়নি। তবে সংরক্ষিত সাক্ষীদের জবানবন্দি শেষ হলে অথবা এক বছর অতিক্রান্ত হলে (যেটি আগে হবে) নতুন করে জামিনের আবেদন করার সুযোগ দিয়েছিল।