পুবের কলম ওয়েব ডেস্ক: রেজিনগর উপনির্বাচনের সময় রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অযথা হয়রানির অভিযোগ তুলে রাজনীতি ছেড়ে পাকাপাকিভাবে দুবাইবাসী হওয়ার ঘোষণা করেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু মাস দেড়েকের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ভাবনা আপাতত মুলতুবি রেখে ২০২৯ সালের লোকসভা ভোটে কোমর বেঁধে নামার ঘোষণা করলেন হুমায়ুন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর এবং মুর্শিদাবাদ—এই দুটি আসন থেকেই নিজে লড়াই করবেন তিনি।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সরকারের সঙ্গে সাম্প্রতিক দূরত্বের কারণে হাতেগোনা বিরোধী বিধায়কদের মধ্যে অন্যতম হুমায়ুন কবীর অধিবেশনে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এদিন তিনি স্পষ্ট জানান, অধিবেশন শুরুর দিন অর্থাৎ ৪ ডিসেম্বর বিধানসভায় যাবেন এবং তারপর সপ্তাহান্ত থাকায় ওই দিনই মুর্শিদাবাদে ফিরে যাবেন। উপনির্বাচনের সময় পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাঁর দলের নেতা-কর্মীদের ভোটের ময়দান থেকে প্রায় সরিয়ে দিচ্ছিল বলে অভিযোগ তুলে হুমায়ুন জানান, সেই সময় তাঁর ছেলে প্রার্থী হয়ে নামমাত্র লড়াইয়ের সুযোগ পেয়েছিলেন এবং তাঁদের জোর করে হারানো হয়েছিল বলেই তাঁর মনে হয়েছিল। তখন অভিমান ও কষ্ট হলেও সময়ের সঙ্গে তা কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান বিধায়ক। এলাকার মানুষ তাঁকে কাজ করার জন্য নির্বাচিত করেছেন, তাই তাঁদের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজই তিনি করবেন বলে জানান হুমায়ুন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ওঠাপড়ার সম্পর্ক এলাকার উন্নয়নের কাজে বাধা হয়ে দাঁড়াবে কি না, সেই প্রশ্নের উত্তরে বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য প্রশাসনের সর্বময় কর্তা তথা সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে তাঁর অভিমান মিটে গিয়েছে। কাজের প্রয়োজনে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন ও কথা বলবেন, কারণ তাঁকে এড়িয়ে কোনও কাজ করা সম্ভব নয়। পাশাপাশি ২০২৯ সালের লোকসভা ভোটের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুটি আসনে লড়াই করার ইচ্ছা তাঁর বহুদিনের। আসন পুনর্বিন্যাসে কিছু রদবদল হলে তা আলাদা বিষয়, তবে এবারের বিধানসভা নির্বাচনের মতোই আগামী লোকসভাতেও তিনি দুটি আসন থেকেই লড়বেন বলে ঘোষণা করেন।