পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে গো-হত্যা ও অবৈধ পশুপাচার রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নজরদারি বাড়িয়েছে পুলিশ ও প্রশাসন। সেই আবহেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে নির্জন স্থানে পশু জবাই করার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতরা অবৈধ মাংস পাচারের কারবারের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শেখদিঘির হাজিপুর এলাকার ওই জায়গাটি নির্জন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কেজি জবাই করা মাংস, কাটার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং বাকি মাংস বিধি মেনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কী কারণে পশু জবাই করা হচ্ছিল, মাংস পাচারের কোনও পরিকল্পনা ছিল কি না এবং এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শেখদিঘির হাজিপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃত চারজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।