পুবের কলম ওয়েব ডেস্ক: নিজেদের বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করে নজির তৈরি করলেন নার্সিং কর্মী নব দম্পতি। অন্যদের পাশাপাশি নিজেরাও রক্তদান করলেন তাঁরা। নিজেরা এমনিতে স্বাস্থ্যকর্মী। রক্তের জন্য রোগীদের আত্মীয়েরা অনেকেই ফোন করে থাকেন। সেই থেকেই রক্ত আন্দোলনের নেমে পড়া পাত্র আজিজ শেখের। যদিও এর আগে ১৫ বার রক্ত দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে।

দীর্ঘদিনের ইচ্ছে ছিল, বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করার। সমর্থনও মেলে পাত্রী সানওয়ারা খাতুনের কাছেও। তিনিও স্বাস্থ্যকর্মী। দু’জনের সম্মিলিত প্রয়াস এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় মঙ্গলবার বিয়ের বাড়ির অনুষ্ঠানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। মোবাইল ভ্যানে করে রক্তদান প্রক্রিয়া চলে। মোট  ২৫ জন রক্ত দেন এদিন।
আজিজের বাড়ি মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের জোতমনসা গ্রামে। অন্যদিকে পাত্রী সানওয়ারার বাড়ি চাঁচলে। দু’জনেই নার্স। সোমবার তাঁদের বিয়ে হয়েছে। এদিন দুপুরে আজিজের বাড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির হওয়ার বিশিষ্ট সমাজসেবী দুলাল শেখ, আসিফ শেখরা বলেন, রক্তদানের মতো মহৎ কাজ আর হতে পারে।
নব দম্পতি গ্রাম বাংলার বুকে রক্তদানের যে বার্তা দিলেন, তা দৃষ্টান্ত। এরপর অন্যরাও তাঁদের দেখে রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসবে। পাত্র আজিজ জানান, আমরা নিজেরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। রক্তের জন্য অনেকেই আমার কাছে খোঁজ খবর নেন। সেই থেকেই রক্ত আন্দোলের সঙ্গে যুক্ত হওয়া। আমার বহুদিনের ইচ্ছে ছিল বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করার। সেই দিক থেকে আমরা স্বামী-স্ত্রী দু’জনেই রক্ত দিতে পেরে খুবই ভাল লাগছে।