পুবের কলম ওয়েব ডেস্ক: পাঁচ বছরের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে নির্বাচন হতে চলেছে বিশ্বভারতীর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই অর্থাৎ মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সমবায় চত্বর। অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ তৃণমূলকর্মী দেবব্রত সরকার ওরফে গগনকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন কয়েকজন গ্রাহক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তিনি কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘদিন ধরে সমবায়ের কর্তৃত্ব ঘিরে যে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন চলছিল, এদিনের ঘটনায় তা ফের প্রকাশ্যে চলে এল।কো-অপারেটিভ সোসাইটির আধিকারিকদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ ডিসেম্বর মোট ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে, যেখানে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৪৫৮ জন। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বিশ্বভারতীর অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের সমবায় ভাবনার শতবর্ষ পূর্ণ হতে চলেছে এবং তাঁরা দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু সমবায় ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। তাঁর অভিযোগ, অতীতে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছে এবং হঠাৎ পুলিশের চিঠি দিয়ে ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এবার আর সেসব চলবে না।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুলাই এই সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়, এই কারণ দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। দীর্ঘদিন ভোট না হওয়ায় সমবায়ের পরিচালন ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছিল। সদস্যদের একাংশের অভিযোগ, এতদিন সমবায়ে গগন সরকারের প্রভাব ও আধিপত্য ছিল। আর্থিক লেনদেন এবং টাকা জমা রেখেও প্রাপ্য লভ্যাংশ না পাওয়া নিয়ে লগ্নিকারীদের মধ্যে ক্ষোভ জমছিল। এর প্রতিবাদে আগেও একাধিকবার সমবায় ব্যাঙ্ক বন্ধ রেখে আন্দোলনে নেমেছিলেন বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীরা। পাশাপাশি, রাজ্যে পালাবদলের পর গগন সরকারকে ঘিরে বিজেপি শিবিরের ক্ষোভও এদিনের উত্তেজনার অন্যতম কারণ বলে মনে করছেন সমবায়ের সদস্যরা।
প্রসঙ্গত, ১৯২৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীতে এই সমবায় ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক ও কর্মীদের একটি বড় অংশ এই প্রতিষ্ঠানের গ্রাহক ও লগ্নিকারী। তবে মনোনয়ন পর্বের প্রথম দিনেই যেভাবে রাজনৈতিক স্লোগান, বিক্ষোভ ও উত্তেজনা ছড়াল, তাতে আগামী ১৭ ডিসেম্বরের নির্বাচন কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শতবর্ষের প্রাক্কালে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এখন এই সমবায়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।