পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। এতদিন সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে সাদা কাগজে বা ‘সার্কিট’ অর্থাৎ বিশেষ সংকেত ও কোড ব্যবহার করে বাইরের ওষুধ লেখার যে অভিযোগ উঠত, তা এবার সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্যাডেই ওষুধ লিখতে হবে এবং তাতে চিকিৎসকের সই, তারিখ, সময় ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক। ইতিমধ্যেই রাজ্যের হাসপাতালগুলিতে এই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশাসনের তরফে চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি করা হলেও, বাস্তবে সাধারণ মানুষের ভোগান্তির ছবি কতটা বদলেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দূর-দূরান্তের গ্রামগঞ্জ থেকে এক বুক আশা নিয়ে বহু মানুষ কলকাতা বা শহরতলির সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাঁদের সবার পক্ষে চড়া দামে বাইরে থেকে ওষুধ কেনা সম্ভব নয়। অথচ কলকাতা মেডিক্যাল কলেজের সামনের বেসরকারি ওষুধের দোকানগুলিতে এখনও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সেখানে কেউ বাধ্য হয়ে বেশি দামে ওষুধ কিনছেন, আবার কেউ ওষুধের আকাশছোঁয়া দাম শুনে খালি হাতেই বাড়ি ফিরছেন। রোগীর পরিজনদের ক্ষোভ, হাতেগোনা কয়েকটি ওষুধ ছাড়া প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে।
অনেকেই হাজার হাজার টাকার ওষুধ কেনার বিল দেখিয়ে প্রশ্ন তুলেছেন, খাতায়-কলমে নিয়ম বদলালেও গরিব ও প্রান্তিক মানুষেরা কি আদৌ সঠিক ও বিনামূল্যের পরিষেবা পাবেন?
যদিও এই প্রসঙ্গে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন হাসপাতালগুলিতে কৃত্রিমভাবে ওষুধের সঙ্কট তৈরি করে রাখা হত এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের বাইরের দোকানে পাঠানো হত। এখন থেকে সেই সমস্ত অসাধু চক্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে স্বাস্থ্য ভবন বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।