জমির চরিত্র বদল বা ল্যান্ড কনভারশনের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে জমির চরিত্র বদলের জন্য আগে সরকারি অনুমোদনের অপেক্ষায় বসে থাকতে হবে না জমির মালিকদের। প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে কৃষিজমিতে বাড়ি তৈরি, শিল্প স্থাপন কিংবা ডাঙা ও পতিত জমির চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে আগাম অনুমোদন ছাড়াই কাজ শুরু করা যাবে। তবে জমির চরিত্র পরিবর্তনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভূমি ও ভূমিসংস্কার আধিকারিকের (বিএলএলআরও) কাছে আবেদন জানাতে হবে। এই ব্যবস্থা চালু করতে ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইনে সংশোধন আনছে নবান্ন।
আরও পড়ুন:
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানেই ‘ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস থার্ড অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করার কথা রয়েছে। তবে সব ধরনের জমির ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে না।
১২টি নির্দিষ্ট ক্ষেত্রে আগের মতোই জমির চরিত্র বদলের জন্য আগাম সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক থাকছে।আরও পড়ুন:
প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যে বর্তমানে জমির চরিত্র পরিবর্তনের প্রক্রিয়া যথেষ্ট জটিল ও সময়সাপেক্ষ। শিল্প স্থাপনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে অনুমোদন দেওয়ার নিয়ম থাকলেও অন্যান্য ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা নেই। ফলে ব্যক্তিগত প্রয়োজনে জমির চরিত্র পরিবর্তন করতে গিয়েও অনেককে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের একাংশের বিরুদ্ধে কাজে গড়িমসির অভিযোগও রয়েছে।
আরও পড়ুন:
এই প্রশাসনিক জটিলতা কমাতেই আইন সংশোধনের উদ্যোগ। অভিজ্ঞ আমলাদের মতে, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে ইতিমধ্যেই জমির চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের প্রস্তাব অনুসরণ করে এবার একই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ।
নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ জমির মালিকদের হয়রানি কমার পাশাপাশি শিল্প স্থাপনের ক্ষেত্রেও প্রশাসনিক বাধা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
বর্তমান নিয়ম অনুযায়ী, জমির পরিমাণের ভিত্তিতে বিভিন্ন স্তরের আধিকারিক জমির চরিত্র পরিবর্তনের অনুমোদন দেন। ১০ ডেসিমেল পর্যন্ত জমির ক্ষেত্রে অনুমোদন দেন বিএলএলআরও। ১১ থেকে ১০০ ডেসিমেল পর্যন্ত জমির দায়িত্বে থাকেন মহকুমা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক (এসডিএলআরও)। আর এক একর বা ১০০ ডেসিমেলের বেশি জমির ক্ষেত্রে অনুমোদন দেওয়ার দায়িত্ব অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) বা এডিএমের।
আরও পড়ুন:
প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে এই দীর্ঘ প্রক্রিয়ার পরিবর্তে নতুন নিয়ম চালু হবে। জমির চরিত্র পরিবর্তনের পর ৬০ দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে বিএলএলআরওর কাছে আবেদন করতে হবে। সরকারি তথ্যভাণ্ডারে জমির রেকর্ড সংশোধনের জন্য নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে জমির মালিককে।
আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে সরকারি নথিতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। নির্ধারিত ৬০ দিনের মধ্যে আবেদন না জানালে অতিরিক্ত ফি দেওয়ার সংস্থানও রাখা হচ্ছে প্রস্তাবিত আইনে।আরও পড়ুন:
তবে এই নিয়মের আওতায় সব জমি আসছে না। পরিবেশ সুরক্ষা আইনের আওতাধীন বনাঞ্চল, উপকূলবর্তী এলাকা, নদী, পুকুর ও জলাশয় হিসেবে চিহ্নিত জমির ক্ষেত্রে আগাম অনুমোদন নেওয়া বাধ্যতামূলক থাকবে। একইভাবে পশ্চিমবঙ্গ জমিদারি অধিগ্রহণ আইন, ১৯৫৩-এর ৬(৩) ধারার আওতায় থাকা মিল, চা বাগান, ফ্যাক্টরি ও ওয়ার্কশপের জমিও এই ছাড় পাবে না। এমনকি ব্যক্তিগত মালিকানাধীন হলেও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট জমি, যেমন খেলার মাঠের চরিত্র পরিবর্তন করতে হলে আগের মতোই সরকারি অনুমোদন নিতে হবে।
আরও পড়ুন:
এদিকে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিধানসভার শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। সূত্রের খবর, পঞ্চায়েত স্তরে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগের ব্যবস্থা চালু করতেও ‘ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, ১৯৭৩ অ্যামেন্ডমেন্ট বিল’ আনা হতে পারে।
আরও পড়ুন:
সব মিলিয়ে জমির চরিত্র পরিবর্তনের নিয়মে প্রস্তাবিত এই সংশোধনী কার্যকর হলে জমির মালিকদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে। তবে ১২টি ক্ষেত্রে আগাম অনুমোদনের বাধ্যবাধকতা বহাল থাকায় নতুন নিয়মের আওতায় কোন কোন জমি আসবে, তা সংশ্লিষ্ট আইনের চূড়ান্ত বিধানেই স্পষ্ট হবে।