২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ, ইতিহাসচর্চা ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ শিক্ষা দফতরের
আরও পড়ুন:
ভারতের সংবিধান কীভাবে রচিত হয়েছিল, কারা ছিলেন এর নেপথ্যের প্রধান কারিগর, আর সংবিধানের মূল ভাবনা প্রতিষ্ঠায় কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্ব কী ভূমিকা পালন করেছিলেন—দেশের ভবিষ্যৎ প্রজন্মের সামনে সেই ইতিহাস তুলে ধরতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠের পাশাপাশি সংবিধান প্রণয়নের ইতিহাস ও গণপরিষদের সদস্যদের অবদান নিয়ে আলোচনা, গবেষণা এবং বিভিন্ন সৃজনশীল কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে বিদ্যালয় শিক্ষা দফতর।
আরও পড়ুন:
সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে রাজ্যের সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি—সব ধরনের স্কুলকেই এই কর্মসূচির আওতায় আনার কথা বলা হয়েছে। পাশাপাশি, ছাত্রছাত্রী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নির্দেশিকা অনুযায়ী, ২৬ নভেম্বর প্রতিটি স্কুলের প্রাতঃকালীন সমাবেশে সমবেতভাবে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে কর্মসূচিকে সীমাবদ্ধ না রেখে সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদের সদস্যদের ভূমিকা নিয়ে পড়ুয়াদের আলোচনা ও গবেষণায় উৎসাহিত করতে বলা হয়েছে। বিশেষ করে, সংশ্লিষ্ট জেলা ও রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের অবদান তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষা দফতরের দেওয়া সহায়ক নোটে সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ভূমিকা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদান।
সংবিধানের মূল দর্শন ও আদর্শ নির্ধারণের ক্ষেত্রে তাঁর উত্থাপিত ‘উদ্দেশ্যমূলক প্রস্তাব’ বা Objectives Resolution গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সার্বভৌমত্ব, গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের মতো মৌলিক সাংবিধানিক ধারণার বিকাশে এই প্রস্তাবের গুরুত্ব পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে।আরও পড়ুন:
একইভাবে, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডঃ বি আর আম্বেদকরের অবদানও বিশেষভাবে আলোচনায় থাকবে। গণপরিষদের বিভিন্ন প্রস্তাব ও কমিটির সুপারিশকে আইনি কাঠামোয় রূপ দিয়ে সংবিধানের খসড়া প্রস্তুত ও চূড়ান্ত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানানো হবে। বিশেষ করে মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সংখ্যালঘু ও সমাজের দুর্বল শ্রেণির সুরক্ষার বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান তুলে ধরা হবে।
আরও পড়ুন:
এছাড়াও, গণপরিষদের সভাপতি হিসেবে ডঃ রাজেন্দ্র প্রসাদের ভূমিকা, মৌলিক অধিকার এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক নির্ধারণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান নিয়েও আলোচনা হবে। সংবিধানে নারীর সমানাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে হংস মেহতার ভূমিকা, ধর্মনিরপেক্ষতা ও জাতীয় ঐক্যের প্রশ্নে মৌলানা আবুল কালাম আজাদের অবস্থান এবং উত্তর-পূর্ব ভারতের উপজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষায় গোপীনাথ বরদলৈর অবদানও পড়ুয়াদের সামনে তুলে ধরার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
সংবিধান দিবসের কর্মসূচিকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক সৃজনশীল উদ্যোগের কথাও জানিয়েছে শিক্ষা দফতর। সাংবিধানিক বিষয়বস্তুর উপর পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সংবিধানের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ এবং কোলাজ তৈরির মতো কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষা দফতরের এই উদ্যোগের মূল লক্ষ্য, সংবিধানকে কেবল একটি আইনগত দলিল হিসেবে নয়, বরং দেশের গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা ও নাগরিক অধিকারের ভিত্তি হিসেবে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা। স্কুলস্তর থেকেই সংবিধানের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার মধ্য দিয়ে দায়িত্বশীল নাগরিক তৈরির বার্তাও দিতে চাইছে রাজ্য।