পুবের কলম ওয়েবডেস্ক, সাঁজোয়া ক্যাশ ভ্যান থেকে টাকা লুটের চেষ্টা ব্যর্থ হতেই পুলিশের হাত থেকে বাঁচতে শপিংমলে ঢুকে প্রায় ৩০ জনকে পণবন্দি করল একদল সশস্ত্র ডাকাত। মঙ্গলবার সকালে কলম্বিয়ার উত্তর উপকূলের কার্তাহেনা শহরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে রাফায়েল নুনেজ বিমানবন্দরে ৪৫ মিনিট বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, মুখোশধারী দুষ্কৃতীরা একটি শপিংমলে টাকা তুলতে আসা সাঁজোয়া ক্যাশ ভ্যান লুটের চেষ্টা করে।

সিসিটিভি কর্মীরা সন্দেহজনক গতিবিধি দেখে সতর্কবার্তা পাঠালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পালানোর পথ না পেয়ে ডাকাতরা পাশের এলটি সুপারমার্কেটে ঢুকে ক্রেতা ও কর্মীদের পণবন্দি করে।

পণবন্দিদের উদ্ধারে পুলিশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। প্রথমে পাঁচ জন প্রবীণ মহিলাকে মুক্তি দেয় ডাকাতরা। পরে আরও কয়েকজন ছাড়া পান।

তবে এখনও প্রায় ২০ জন বন্দি রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ, সেনা, নৌবাহিনী ও বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে। হেলিকপ্টার ও ড্রোনেও নজরদারি চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ডাকাতরা ২০ লক্ষ ডলার, সাঁজোয়া গাড়ি ও নিরাপদে পালানোর পথ চেয়েছে। তবে পুলিশ এই দাবি নিশ্চিত করেনি।