পুবের কলম ওয়েবডেস্ক, রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগের মধ্যেই সামনে এল ফুসফুসের ক্যানসারের ভয়াবহ পরিসংখ্যান। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দিল্লির তিনটি সরকারি হাসপাতালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮১ জন। একই সময়ে দিল্লির চারটি সরকারি হাসপাতালে এই রোগে মৃত্যু হয়েছে ৯১৩ জনের। অর্থাৎ গড়ে প্রতি তিনদিনে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই আবেদনের ভিত্তিতে পাওয়া তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।
আরও পড়ুন:
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস)। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সেখানে ৪ হাজার ৮৬০ জনের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
আরও পড়ুন:
দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে ১ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।
রাম মনোহর লোহিয়া হাসপাতালে আক্রান্তের সংখ্যা ১০৮, মৃত ৮ জন। অন্যদিকে, সফদরজং হাসপাতাল আক্রান্তের মোট সংখ্যা জানায়নি, তবে সেখানে এই রোগে ৩৯৩ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।আরও পড়ুন:
আরটিআইয়ে ধূমপান করেন না, এমন আক্রান্তদের সংখ্যাও জানতে চাওয়া হয়েছিল। কোনও হাসপাতালই সেই তথ্য দেয়নি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বায়ুদূষণের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।