পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবারই অবৈধ মজুতদারি ও কালোবাজারি রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশের পর বুধবার সকাল থেকেই অ্যাকশন মোডে নামল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। এদিন সকালে শহরের কোলে মার্কেট ও লেক মার্কেটে অভিযান চালান ইবি আধিকারিকরা। বাজারে চিনি, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি দাম নিয়ে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
সবজি ও আনাজপাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে চিনি ও সরষের তেলের দাম। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার প্রশাসন ও ব্যবসায়ী মহলকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তিনি। আর তার পরদিনই শহরের বাজারগুলি ঘুরে দেখলেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
মঙ্গলবারের বৈঠকে চিনি ও সরষের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির কাছে জবাব চান মুখ্যমন্ত্রী। গত এক সপ্তাহের মধ্যে সরষের তেলের দাম কীভাবে ১৭০ টাকা থেকে লাফিয়ে ২২০ টাকার বেশি হয়ে গেল, তা জানতে চান তিনি। একইভাবে পুজোর সময় যে চিনির দাম ৫৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল, তা খুচরো বাজারে ফের ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়া নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। দাম কমার পর কী কারণে তা আবার বাড়ল, সেই ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তিন দিনের মধ্যে দাম না কমলে রাজ্য সরকার কড়া অবস্থান নেবে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরই বুধবার সকাল থেকে বাজারে অভিযানে নামলেন আধিকারিকরা।